নিরাপত্তা সহায়তা বাড়ানোর ব্যাপারে একমত মনমোহন ও আবে
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:২৯
জাপান এবং ভারত সামুদ্রিক এলাকায় নিরাপত্তা সহায়তা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। গত বুধবার টোকিওতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠক হয়। দুই নেতা জাপান থেকে ভারতে নিউক্লিয়ার রি-অ্যাকটর রপ্তানির ব্যাপারে আলোচনা করেন। এদিকে প্যারিসভিত্তিক অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) বুধবার জানিয়েছে, চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশেরও নিচে অর্জিত হতে পারে। তারপরেও জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশের স্থানে ভারত উঠে এসেছে বলে তারা ধারণা করছেন। ভারত চীনের সাথে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের সাথে চীনের সুসম্পর্কের ব্যাপারে উদ্বিগ্ন। আবার পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের সাথে বিরোধ চলছে জাপানের। বৈঠকে আবে বলেন, সমুদ্র নিরাপত্তার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। পরমাণু খাতে সহযোগিতার ব্যাপারে আলোচনা জোরদার করা হবে। নিউক্লিয়ার রি-অ্যাকটরের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ভারত তা তৈরির কাজ চালিয়ে নিচ্ছে। জ্বালানির জন্য ভারত এখন আর কয়লার ওপর নির্ভর করতে পারছে না। ভারতের কোটি কোটি মানুষ এখনও বিদ্যুত্ সুবিধা বঞ্চিত। বিদ্যুতের অভাবে কল-কারখানায় উত্পাদন ব্যাহত হচ্ছে।
ভারত সমপ্রতি জাপানকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্থান করে নিয়েছে বলে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-এর ইকোনোমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়, “আগামী অল্প কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে স্থান করে নেবে চীন এবং ভারত সম্ভবত সমপ্রতি জাপানকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির জায়গা করে নিয়েছে।” ২০২০ সাল নাগাদ বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি হবে বলে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০৬০ সালে ভারতের জনপ্রতি উত্পাদন বর্তমানের তুলনায় আট গুণের বেশি হবে। আর চীন ও ইন্দোনেশিয়ার ক্ষেত্রে জনপ্রতি উত্পাদন বাড়বে ছয় গুণ।