‘হত্যাকারী রোবটের’ নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে জাতিসংঘ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:২৯
জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে তথাকথিত ‘হত্যাকারী রোবটের’ নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। যোদ্ধা রোবটের ভূমিকার ন্যায়-অন্যায় বিচার করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন। তারা এসব রোবটের ব্যবহার বন্ধে তত্পর হয়ে উঠেছে।
যোদ্ধা রোবটের নৈতিক সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন জেনেভার বৈঠকে আলোচনার জন্য তুলে ধরার মাধ্যমে এগুলো নিষিদ্ধ করার দাবি জানাবে মানবাধিকার কাউন্সিল। তারা প্রশ্ন তুলেছে, এরা কম্পিউটার প্রোগ্রামনির্ভর সয়ংক্রিয় রোবট। এদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হবে সেভাবে গুলি করবে, মানুষ হত্যা করবে। তাদের পক্ষে প্রতিপক্ষের যোদ্ধা কিংবা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। যার ফলে তারা সাধারণ মানুষের ওপর গুলি করতে দ্বিধা বোধ করবে না। এক্ষেত্রে সাধারণ মানুষ হত্যার দায়-দায়িত্ব কে নেবে। তাছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে কোন রোবটের পক্ষে মামলা করাও সম্ভব না। অন্যদিকে যোদ্ধা রোবট ব্যবহারের পক্ষের লোকজন দাবি করছে, এটা স্বয়ংক্রিয় হওয়ায় যুদ্ধক্ষেত্রে সৈন্য ব্যবহার করা লাগবে না। এর ফলে যুদ্ধ করতে গিয়ে যোদ্ধাদের মারা যাওয়ার হারও কমে যাবে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে কর্মরত বিশেষ দূত ক্রিস্টোফ হেইন্স যোদ্ধা রোবটের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আগে যোদ্ধারা তাদের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করতো। আর এখন অস্ত্রই যোদ্ধাতে পরিণত হতে চলেছে এবং অস্ত্র নিজেই সিদ্ধান্ত নিতে চলেছে।