বটিয়াঘাটায় ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩০
উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত কাজিবাচা নদীর প্রবল স্রোতের তোড়ে বটিয়াঘাটা বাজার রক্ষা বাঁধে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে ভেঙ্গে পড়েছে বহু দোকান আর বসত ঘর। যেকোনো মুহুর্তে বাঁধ ভেঙ্গে পানির নিচে চলে যেতে পারে ১২টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন প্রতিরোধের জন্য কয়েক দফায় কোটি কোটি টাকার কাজ করলেও স্রোতের টানে সব হারিয়ে গেছে। আবারও একই স্থানে ১৯০ মিটার জায়গায় কাজের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ হলেও গত এক বছর ধরে মাত্র ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে। নদী ভাঙ্গনের কারণে বদলে গেছে বটিয়াঘাটার মানচিত্র। এপারের বহু জমি এখন ওপারে বালিয়াডাঙ্গা ইউনিয়নে জেগে উঠেছে। এদিকে বর্ষার শুরুতে নদীর পানি বৃদ্ধির সাথে ভেঙ্গে পড়তে শুরু করেছে ভাঙ্গন কূলে থাকা নজরুল ইসলাম খার তিনতলা ভবন, রবীন মল্লি¬কের বাড়িসহ অনেক দোকান ঘর। বাজার থেকে মাত্র ১০/১২ ফুট দুরে থাকা বাঁধ যেকোন মুহুর্তে ভেঙ্গে গেলে পানির নিচে যাবে হাটবাটি, হেতালবুনিয়া, হোগলবুনিয়া শোলমারী, কিসমত ফুলতালা, ফুলতলা, পারবটিয়াঘাটা, বলাবুনিয়া, মাইলমারা, আন্ধারিয়া, টেংরামারী সহ ১২টি গ্রাম। ভাঙ্গন প্রতিরোধের কাজ বন্ধের কারণ সম্পর্কে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যূত্ কুমার সাহা ইত্তেফাককে বলেন, ঠিকাদারের কাজের মান আদৌ সন্তোষ জনক নয়। তারা আগামী এক বছরের সময় চেয়েছে। তাছাড়া সরকারী ভাবে দীর্ঘ দিন ধরে কোন অর্থ না দেয়ায় ফান্ড শুন্যতার কারণে ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়েছে। ট্যাকবে ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম ইত্তেফাককে বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ফান্ড দিতে ব্যর্থ হওয়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ফান্ড পেলে কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি যোগাযোগ করেছি। তারা টাকার অভাবের কথা বলেছে।