হজ্ব পালনে সৌদিতে সপরিবারে মালালা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩০
আলোচিত পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই হজ্ব পালনের জন্য এখন সপরিবারে সৌদি আরবে। তালেবানের হুমকি উপেক্ষা করে মেয়েদের লেখাপড়ার পক্ষে কথা বলায় গত বছর জঙ্গিদের গুলিতে আহত হন মালালা। এরপর বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।
পরিবারের সদস্যদের নিয়ে মালালা এখন যুক্তরাজ্যে রয়েছেন। সেখান থেকে তিনি সৌদি আরব যান বলে আরব নিউজ বৃহস্পতিবার জানিয়েছে। ভ্রমণ পথে আবুধাবিতে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতের আগে তার এই সফর লোকচক্ষুর আড়ালেই ছিল। তার এই সফর নিয়ে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের কিছু জানা ছিল না। মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই আরব নিউজকে বলেন, এটা একটা ব্যক্তিগত সফর এবং উমরাহ পালনের উদ্দেশ্যেই এখানে আসা হয়েছে। তিনি জানান, ১৫ বছর বয়সী মালালা বর্তমানে লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে তাকে। এর পাশাপাশি একটি বইও লিখছেন তিনি। গত ৯ অক্টোবর গুলিবিদ্ধ হওয়ার পর তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় শেখ মোহাম্মদ ও সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ দিতে সোমবার আবুধাবিতে যাত্রাবিরতি করেন মালালা।