সম্মেলনের আগেই আসাদের পদত্যাগ দাবি বিরোধীদের

জেনেভায় শান্তি সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগসহ বেশ কিছু পূর্বশর্ত দিয়েছে সিরিয়ার বিরোধী জোট। এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়া আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন দেশটির বিদ্রোহী গ্রুপের সামরিক শাখার প্রধান। জুন মাসে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণের জন্য কিছু পূর্বশর্ত দিয়েছে সিরিয়ার বিরোধী জোট। গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে বিরোধী জোটের সদস্যরা এই শর্তগুলোর কথা জানিয়েছে। এসব শর্তের মধ্যে শান্তি সম্মেলনের আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিও রয়েছে। বিরোধী জোটের সদস্যরা কীভাবে শান্তি সম্মেলনে অংশ নেবে— এ বিষয়ে আরো আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবারও তাদের বৈঠক করার কথা রয়েছে। এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়া আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন দেশটির বিদ্রোহী গ্রুপের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মির প্রধান জেনারেল সেলিম ইদ্রিস। তিনি বলেন, লেবাননের শিয়া গ্রুপটির প্রায় সাত হাজার যোদ্ধা বিদ্রোহী নিয়ন্ত্রিত কুসাইর শহরে হামলায় অংশ নিয়েছিল। এই সাত হাজার যোদ্ধা কুসাইর শহর ঘিরে রেখেছে জানিয়ে তিনি তাদেরকে মোকাবিলা করার জন্য পশ্চিমা শক্তির কাছে সাহায্য চান। বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে সেলিম বলেন, বিদ্রোহীদের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র নেই যেটা দিয়ে তারা হিজবুল্লাহকে প্রতিরোধ করতে পারে। তিনি আরো বলেন, ইরানী যোদ্ধারাও হামলায় জড়িত বলে তিনি তথ্য পেয়েছেন। অপরদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে সরকার শহরটিতে আরও শক্ত অবরোধ জারি করেছে এবং কুসাইয়ের একটি বিমান ঘাঁটি তারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সিরিয়ায় হিজবুল্লাহর যোদ্ধাদের সম্পৃক্ততার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, হিজবুল্লাহ যেন অতিসত্বর সিরিয়া থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়।