ঝিনাইদহে অস্ত্রসহ ছাত্রলীগের ৫ জন আটক
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩০
বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের সমবায় মার্কেট থেকে র্যাব পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ রাহাত চন্দনসহ ৫ জনকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে, শহরের আরাপপুরের মনোয়ার হোসেনের ছেলে রেজাউল ইসলাম, কাঞ্চননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহানুর রহমান, ভুটিয়ারগাতির শহিদ শেখের ছেলে সিরাজ শেখ এবং কলাবাগানের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এম. আশরাফ আলী সাংবাদিকদের জানান, শহরের এইচএসএস সড়কে অপরাধ সংঘটিত করতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৬টি রামদা, ৫ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়। অভিযানের সময় সমবায় মার্কেটের সামনে লোকজন ভিড় করে।
তবে র্যাবের হাতে আটক চন্দন ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম ।