সংবাদ কণিকা

যুক্তরাষ্ট্রে উপার্জনকারী নারী গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে পরিবারে নারীর অর্থনৈতিক অবদান ব্যাপকভাবে বেড়েছে বলে একটি সমীক্ষায় বেরিয়ে এসেছে। রেকর্ডসংখ্যক নারী এখন পরিবারের প্রধান উপার্জনকারীর ভূমিকা পালন করছেন। বুধবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের ঐ সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ছেলে-মেয়ে রয়েছে এমন পরিবারের ৪০ শতাংশের প্রধান উপার্জনকারীর ভূমিকায় রয়েছেন নারী, যেখানে ষাটের দশকে এ ধরনের পরিবার ছিল মাত্র ১১ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, স্বামীর চেয়ে স্ত্রী বেশি আয় করছেন এমন পরিবারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। —রয়টার্স ওবামার লিপস্টিক জটিলতা হোয়াইট হাউসে মঙ্গলবার এক অভ্যর্থনা অনুষ্ঠান চলাকালে নিজের শার্টের কলারে চেরি রঙা লাল লিপস্টিকের দাগ আবিষ্কার করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর কেউ কিছু বলে ওঠার আগেই ওবামা সবার সামনে হাস্যকৌতুকের মধ্য দিয়ে ঐ দাগের উত্স কি তার ব্যাখ্যা দিয়ে ফেলেন। কৌতুক করে তিনি বলেন, এ অপকর্ম কার তা মনে হয় আমি ধরে ফেলেছি। জেসিকা সানজে কোথায়? একথা বলেই আমেরিকান আইডলের রানার আপ জেসিকা সানজে কে খুঁজতে শুরু করেন ওবামা। এ খোঁজ চলতে থাকার মধ্যেই তিনি বলেন, এ কাজ জেসিকার না, এটা তার খালা করেছে। তিনি কোথায়? সবাইকে দাগটি দেখিয়ে ওবামা বলতে থাকেন ‘আমি সবাইকে সাক্ষী রাখতে চাই। মিশেলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না’। —বিডিনিউজ বসনিয়ায় গণহত্যায় সাজা বলকান যুদ্ধে বসনিয়ায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্রোয়েশিয়ার সাবেক ছয় নেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল। যুদ্ধের এক পর্যায়ে ১৯৯০ সালে বসনিয়ার মুসলমানসহ অন্যদের ওপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধে জড়িত হওয়ায় তাদের ১০ থেকে ২৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে। হেগ শহরের ঐ আদালত ক্রোয়েশীয় নেতা জাদ্রাংকো রিলিককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। বাকি পাঁচজনকেও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তাদের সবাই ২০০৪ সাল থেকে কারাগারে বন্দি আছেন। -রয়টার্স