নওগাঁর আত্রাইয়ে গলা কেটে যুবককে হত্যা

নওগাঁর আত্রাই উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের বাজারে মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী মুকুল হোসেন (৩৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে বুধবার রাতেই ২ জনকে তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—হাইওয়াপাড়া গ্রামের মৃত আমির হামজার ছেলে আবু তাহের ও একই উপজেলার শিংসাড়া গ্রামের মৃত দমন শেখের ছেলে আব্দুস ছাত্তার। বুধবার রাত সোয়া ৯টার দিকে আত্রাই উপজেলার ওই বাজারে চায়ের ষ্টলে মুকুল হোসেন বসে থাকা অবস্থায় ১৪/১৫ জনের মুখোশধারী সন্ত্রাসী অতর্কিত ৪/৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় লোকজন ছোটাছুটি শুরু করলে মুকুল হোসেনকে স্টলের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।