টেলিফোনে পাঠকের মতামত
প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী দল সংসদ নির্বাচনেও অংশ নেবে
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৪০
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করলে শেখ হাসিনা বলেন, বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। উনি যে অংশ নেবেন বলেছেন তা প্রধানন্ত্রীর অতিকথনের বহিঃপ্রকাশ। বিরোধী দল নির্বাচনে অংশ নিলে বিরোধী দলের মর্জি-মাফিক সেটি হবে প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য হবে না। দেশবাসির জানেন যে, শেখ হাসিনা বেশি কথা বলেন- প্রয়োজনে-অপ্রয়োজনে রাজনৈতিক-অরাজনৈতিক কারণে।
হাজি মাহমুদ আলম
সেগুনবাগিচা, ঢাকা
আশা মানুষকে বাঁচিয়ে রাখে। বিরোধী দল সংসদ নির্বাচনে অংশ নেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করতেই পারেন। আমাদের প্রত্যাশা হলো, আশা যেন দুরাশায় পরিণত না হয়। বিবেচ্য বিষয়, বর্তমান প্রেক্ষাপটে সত্যি বিরোধী দল নির্বাচনে অংশ নেবে কিনা? মন বলছে প্রধানমন্ত্রীর ডাকে তারা সুবোধ বালকের মতো নির্বাচনে আসবে না। এত হরতাল, ভাংচুর, গোলাগুলি, মৃত্যুর পর শান্তিপূর্ণ নির্বাচন হবে তা বিশ্বাস করা কঠিন। বিশেষত বর্তমান সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ক্ষমতায় থাকতে নির্বাচনে বিরোধী দল আসবে না বলে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আরো সহজ ও সহনশীল হোন তবে তারা নির্বাচনে আসতে পারে। এক কথায় সরকারকেই উদ্যোগ নিতে হবে। ভিন্নমতকে প্রাধান্য দিয়ে ব্যবস্থা নিলে বিরোধী দল নির্বাচনে না এসে পারবে না। দেশ মতাদর্শের ভিত্তিতে আজ দ্বিধাবিভক্ত। জাতির মঙ্গলের জন্য সর্বাগ্রে প্রয়োজন ঐকমত্য। গোঁ ধরে বসে থাকার সময় নেই, দিনগুলো ফুরিয়ে যাচ্ছে।
মুসন সিয়াধার
ছোছনগঞ্জ, নেত্রকোনা
চলমান রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে বড় দুইটি দলের মধ্যে সংলাপের আয়োজন হতে গিয়েও হচ্ছে না অর্থাত্ ব্যর্থ হচ্ছে। তাই রাজনীতিতে স্থায়ী স্বস্তি ফিরিয়ে আনার একমাত্র পথ এখন সমঝোতা। আর যদি না হয় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী সরকার গঠন নির্ধারণ করা এখন অত্যন্ত জরুরি।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী
কবিরহাট, নোয়াখালী
বিরোধী দল জাতীয় সংসদে কিভাবে সংলাপে অংশ নেবে তা এখন স্পষ্টভাবে সাধারণ মানুষ বুঝতে পারছে না। তাই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য বর্তমান সরকারকে অনেক বেশি আন্তরিক হতে হবে।
ফারুক আলম, মালিবাগ, ঢাকা
গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে হবে।। আর সেজন্য প্রধান দুইটি বড় রাজনৈতিক দলকে অত্যন্ত সহনশীলতার পরিচয় দিতে হবে বলে আমরা মনে করি।
কাওসার আকন্দ, মতিঝিল, ঢাকা
এই সরকার তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করতে চাচ্ছে। বিরোধী দল তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করবে না। তাহলে কি আওয়ামী লীগ সরকার শুধু নির্বাচনে অংশ নেবে?
তাহমিনা আক্তার মিন
ভাণ্ডারিয়া, পিরোজপুর
যেহেতু সরকার এখনও শক্ত অবস্থায় আছে এবং বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনও তৈরি করতে পারেননি- তাই আমার মনে হয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং বিএনপি এ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
শিমুল মল্লিক
মঠবাড়িয়া, পিরোজপুর
জাতীয় সংসদ নির্বাচন জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচিত সদস্যগণই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে। জাতীয় সংসদে তাই নির্বাচিত ব্যক্তিদের হতে হবে দেশপ্রেমিক, নিরলস কর্মী ও ও প্রাজ্ঞ জ্ঞানের অধিকারী। জাতীয় সংসদ নির্বাচন এ কারণেই তাত্পর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক শারমেনকে বিরোধী দলের প্রতি বিশ্বাস রেখে বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আশায় জনগণও ভোটাধিকার প্রয়োগ করার প্রত্যাশা করছে।
আশা এলিজাবেত গোমেজ
লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০
বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এটা বলা ঠিক নয়। তখনই যাবে যখন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে।
ফৌজিয়া মুন্নি, পল্লবী, মিরপুর
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বর্তমান সরকার আন্দোলন। তারাও সে সময়ে রাজপথে জ্বালাও পোড়াও, জানমালের ক্ষয়-ক্ষতিও কম হয়নি। অথচ আজকে কেন এত তত্ত্বাবধায়ক নিয়ে সংঘাত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েণ্ডি আর শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংঙ্গ সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেবে কি, নেবে না তা সময়ই বলে দেবে।
শিশির, আজিমপুর, ঢাকা
দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এখন খুব প্রয়োজন। তাই দু’নেত্রীকে বলবো, আপনারা একে অন্যকে চায়ের দাওয়াত দিয়ে চলে যান যার যার বাসায়। তাহলেই সব শেষ হয়ে যাবে সংঘাত।
আইরিন সুলতানা সন্জু
ধুপপুর, মাইজপাড়া, চট্টগ্রাম
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অসম্ভব। এটা বিরোধী দলের দীর্ঘদিনের দাবি অন্যদিকে সরকার প্রধান বলছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই। এই দু’য়ের মধ্যে সংঘাত। এই সংঘাতের মধ্যে সাধারণ মানুষ এখন বিপাকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি শারমেনের কাছে কিভাবে বলেছেন ‘বিরোধী দল জাতীয় সংসদে অংশ নেবে।’এটা আমাদের ভাবিয়ে তুলেছে।
লাড্লা, পিলখানা, ঢাকা
নির্বাচনের আর বেশিদিন নেই। নাগরিক সমাজের অনেকেই বিরোধী দলের দাবির সাথে একমত। অন্যদিকে বিদেশিরাও এদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যদি এদেশ নিয়ে এত উদ্বেগ-উত্কণ্ঠায় থাকেন তাহলে আমরা কেন আমাদের মাতৃভূমি নিয়ে সহনশীলতার মনোভাব দেখাতে পারছি না।
সৈয়দা নাসরিন সুলতানা
স্যানিসাইড, নিউইয়র্ক, আমেরিকা
রাজনৈতিক সহিংসতা থেকে বেরিয়ে আসার জন্য বিদেশি রাষ্ট্রসমূহ বার বার আহ্বান জানাচ্ছে। তাই এখন উচিত দু’টি বড় দলের মধ্যে সমঝোতা হওয়া।
পারভীন সুলতানা
ঝিনাইদহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অতীত অভিজ্ঞতা থেকে এমন আশা প্রকাশ করেছেন যে, বিরোধী দল বা বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। কেননা আমাদের রাজনীতিবিদরা সব সময় বিদেশি প্রভুদের কথায় ওঠা-বসা করেন। তাঁরা দেশের জনগণের মতামতকে তোয়াক্কা করেন না। বিদেশি প্রভুরা যেমনটি বলবেন কিংবা যেভাবে করতে নির্দেশ দেবেন তারা সুবোধ বালক-বালিকার মতো তেমনটি করবেন। এতে আমাদের আশ্চর্য হবার কিছু নেই। হয়তো প্রধানমন্ত্রীর কথা সঠিক। একদিন হয়তো দেখবো যে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে।
মো. শহীদুর রহমান
কাকিনা, লালমনিরহাট
সরকারপ্রধানসহ সরকারি দলের নেতা-নেত্রীদের কথার সাথে বাস্তবতার মিল অনেক সময়ই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ক্ষমতাসীন শীর্ষ নেতার কথা তার দল অলঙ্ঘনীয় বেদবাক্য হিসেবে মেনে নিলেও বিরোধীদল ও জনগণ তা মেনে নিতে আদৌ বাধ্য নয়। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনার সময় সরকার বিভিন্ন তথ্য-উপাত্ত, উন্নয়নের ফিরিস্তি, আইনশৃঙ্খলা ও দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে বয়ান দিয়ে যান, বাস্তবে তার মিল কতটুকু তা ভেবে দেখার প্রয়োজনবোধ ক্ষমতাধর ব্যক্তিরা করেন বলে অবস্থাদৃষ্টে মনে হয় না। বিরোধী দলের হরতাল-অবরোধ ডাকাকে যদি সরকারি দল গর্হিত অপরাধ হিসেবে ধরে নেয়, তাহলে পাশাপাশি তাদেরকে এটাও উপলব্ধি করতে হবে যে, সরকার ও তার দলের চরম রাজনৈতিক বাড়াবাড়ি, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা ও অপশাসনের বিরুদ্ধেই বিরোধীদল হরতাল বা অবরোধের ডাক দিতে বাধ্য হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে যে ‘ট্যাগ অব ওয়্যার’ শুরু হয়েছে তার যবনিকাপাত না ঘটিয়ে দলীয় সরকারপ্রধান সম্মানীয় বিদেশি প্রতিনিধি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারী ওয়েন্ডি আর শারমেনের কাছে “বিরোধীদল জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে” বলে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন তা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সেটা ভেবে দেখার যথেষ্ট অবকাশ আছে। অপরদিকে বিগত সাড়ে চার বছরে কিছু স্থানীয় নির্বাচন এবং জাতীয় সংসদের হাতেগোণা কয়েকটা উপ-নির্বাচনের (জাতীয় সংসদের ১৫টি উপ-নির্বাচনসহ মোট ৫৬৪৫টি স্থানীয় নির্বাচন) তথ্য-উপাত্ত দিয়ে অত্যন্ত সচেতনতার সাথে সরকার প্রধান ও তার দলের উচ্চ পর্যায়ের নেতা-নেত্রীরা ইচ্ছাকৃতভাবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ধূম্রজাল সৃষ্টি করছে যা মোটেও উচিত নয় বলে আমরা মনে করি। ঐ সকল নির্বাচন কখনও সরকার পরিবর্তনের চাবিকাঠি ছিল না। ঐ নির্বাচনগুলো নিদেনপক্ষে কোন কোন ক্ষেত্রে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি ছিল মাত্র। পাশাপাশি সরকারকে মনে রাখতে হবে দলীয় সরকারের অধীনে নয় বরং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোই (২৭ ফেব্রুয়ারি ১৯৯১, ১২ জুন ১৯৯৬, ১ অক্টোবর ২০০১ এবং ২৯ ডিসেম্বর ২০০৮ নির্বাচন) নিরপেক্ষ ও সুষ্ঠু হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দলমত নির্বিশেষ সকলে মেনে নিয়েছে এবং গৃহীত হয়েছে।
ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী
৫-বিসিসি রোড, নবাবপুর, ওয়ারী, ঢাকা ১২০৩
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বিরোধী দল নির্বাচনে অংশ নেবে।
কাজী মোহিব হাসান
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আশার বাণী শুনিয়েছেন তাঁর সে আশাবাদের একটু মারপ্যাঁচ রয়েছে বলে আমি মনে করি। উনি কিন্তু বলেননি, প্রধান বিরোধী দল। শুধু বলেছেন বিরোধী দল। জাতীয় পার্টিকে আবার বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করার পাঁয়তারা চলছে না তো? প্রার্থনা করি, আমার ধারণা মিথ্যা এবং ভুল প্রমাণ হোক। প্রধানমন্ত্রীর আশা পূর্ণ হোক। তবে সে আশা যেন পূর্ণ হয় সকলের। বিশেষ করে প্রধান বিরোধী দলের কাছে একটি গ্রহণযোগ্য ব্যবস্থার মাধ্যমে। আর সে মাধ্যমটি হয় যেন একটি চিরস্থায়ী মাধ্যম।
মোহাম্মদ লুত্ফর রহমান
এলিফ্যান্ট রোড, ঢাকা
মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মাহমুদুল হাসানকে যেখানে মেনে নিতে পারেননি এবং নিজে নির্বাচনে অংশ না নিয়ে লগি-বৈঠা নিয়ে আন্দোলন করে ১/১১ সৃষ্টি করেছিলেন, সেখানে তিনি কিভাবে ভাবতে পারেন বিএনপির মতো একটি প্রধান বিরোধী দল পুরো তত্ত্বাবধায়ক সরকার বাদে তার অধীনে নির্বাচন করবে। তিনি কি বিএনপিকে বেশি ভয় করেন, নাকি তত্ত্বাবধায়ককে বেশি ভয় করেন। দেশের সাধারণ মানুষ হিসেবে তার কাছে আমার প্রশ্ন।
মোহাম্মদ ফরমান আলী বাবু
প্রভাষক, শালফা বিএম কলেজ, শেরপুর, বগুড়া
আমরা আশা করবো, বিরোধী দল হরতালের মতো কর্মসূচি ও সহিংসতা পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নেবে। এবং সেটাই হবে আসল গণতন্ত্র। তা না হলে এ দেশের সম্ভাবনাময় পথ আরো কঠিন ও অনিশ্চিত হয়ে পড়বে।
আবদুল মালেক মিয়া, মিরপুর, ঢাকা
নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের জনসাধারণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত প্রতিনিধি বা প্রতিনিধিবর্গ জনসাধারণের পক্ষে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করেন। বিরোধী দল আন্দোলন, সংগ্রাম করছে ক্ষমতায় আসার জন্য। ক্ষমতা পাওয়ার একটি গণতান্ত্রিক পন্থা নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সহিংস আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর চেষ্টা করছে। ক্ষমতার মোহে দেশের অর্থনীতি মানুষের কল্যাণ বা অকল্যাণ চিন্তা করছে না। বোর্ড পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সম্পর্কে চিন্তা-ভাবনা পর্যন্ত করছে না। হরতাল দিয়ে, সহিংসতার মাধ্যমে রাজপথ দখলে রাখার চেষ্টা করছে। সর্বশক্তি দিয়ে ক্ষমতা গ্রহণের আন্দোলন-সংগ্রাম করছে। বিরোধী দল মুখে যত কথাই বলুক- নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর তারা সকল শর্ত ভুলে যাবে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে দলের অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক দলের কাজই হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং দেশের ক্ষমতা গ্রহণ করবে। স্বাধীনতা অর্জনের ৪২ বছর ধরে বিরোধী দল সংসদে অধিবেশন বর্জন, সহিংস আন্দোলন করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। সংসদ সদস্য পদ বহাল রাখার জন্য অধিবেশনে যোগ দিয়ে আবার রাজপথ দখল করে দেশ, জাতি, মানুষের অকল্যাণ করছে। ১৬ কোটি মানুষের দাবি সংসদ সদস্যরা গণতন্ত্রের চর্চা জাতীয় সংসদ ভবনে বসে করবেন এ শপথ নিয়ে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন। স্বাধীন বাংলাদেশের মাটিতে আর সহিংস আন্দোলন, বিক্ষোভ, হরতাল, অবরোধ যেন না হয়। সবাই শান্তি চায়, জানমালের নিরাপত্তা চায়, স্বাধীনতার সুফল সমভাবে ভোগ করতে চায়। সকল দলের অংশগ্রহণে ১০ম জাতীয় সংসদ নির্বাচন সফল হোক।
ডা. এস এম মোশারফ হোসেন
আলমপুর, শ্রীনগর, মুন্সীগঞ্জ
দেশের সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমি তাই আশা করি।
এস এইচ আজিম
ভোলাকোট, রামগঞ্জ, লক্ষ্মীপুর
বর্তমান সময়ে যে সংকট চলছে সেটা হচ্ছে নির্বাচন সংকট। এ নিয়ে বর্তমনে যে অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে তা দূর করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এটা আমাদের প্রত্যাশা।
জাহাঙ্গীর খান বাবু, মুন্সীগঞ্জ
দেশের বর্তমান সংঘাত ও সহিংসতার মূলে প্রধান হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আমাদের মতো দেশবাসীরও একান্ত চাওয়া- অবাধ, নিরপেক্ষ ও নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।
মো. রবিউল হুসাইন রবি, ধানমন্ডি, ঢাকা
আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেশের মানুষসহ সারা বিশ্ব দেখতে চায়। যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে আগামী নির্বাচনকালীন সরকারের একটি গ্রহণযোগ্য ফর্মূলা।
খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শারমেন বলেছেন, নির্বাচনের বছরে সহিংসতা কোনভাবেই কাম্য নয়। শুধু তিনি কেন দেশের ১৬ কোটি মানুষের একই কথা। এছাড়া দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সকলেই গণতন্ত্রের যাত্রা প্রত্যাশা করেন। যেহেতু তারা দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে কথা বলছেন।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু
মহাখালি, ঢাকা
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি শারমেনেরই উক্তি- বাংলাদেশের ১৬ কোটি মানুষের উদ্বেগ-উত্কণ্ঠা বিবেচনায় নিয়ে সরকার একটি অর্থবহ সংলাপের আয়োজন সম্পন্ন করবে। এটাই দেশবাসীর প্রত্যাশা।
নীলুফা আক্তার
ঢোলারবাগ, মিরপুর ১, ঢাকা
বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে এই সিদ্ধান্তটি নির্ভর করছে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওপর। যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয় তাহলে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে।
জাকির হোসেন, ধানমন্ডি, ঢাকা
বিএনপি নেত্রী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এমন আশা দেশবাসী করে। গণতন্ত্রের প্রতি সম্মান এবং জনগণের ওপর আস্থা রাখাও তার প্রয়োজন। কিন্তু আমরা দেখছি লাগাতার হরতাল, গাড়িতে আগুন, ভাংচুর, সড়ক অবরোধ, জনগণের সম্পদ ধ্বংস। এতে বোঝা যায় তিনি শর্ত ছাড়া সংলাপে বসবেন না। সুতরাং তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা আশা করা যায় না। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী যখন ভারত-বাংলাদেশ সফর করেন তখন বেগম খালেদা জিয়া দেশে হরতাল দেন এবং তিনি তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাতও করেননি। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি যে আশাবাদ ব্যক্ত করেছেন শেষ পর্যন্ত সে আশাই থেকে যেতে পারে। কারণ বিরোধী দল যে পথে হাঁটছে, জাতি হয়তো সে পথে হাঁটবে না। বিরোধী দলের এটা ভাবা উচিত। সে সাথে শাসক দলেরও আন্তরিকতার সাথে বিরোধী দলকে আহ্বান করা আবশ্যক।
শাহ মোহাম্মদ হেলালউদ্দিন হিরো
কালিহাতি, টাঙ্গাইল
দেশের জনগণ এখন আর সংঘাত-সংঘর্ষের রাজনীতি চায় না। মানুষ এখন স্বস্তি চায়, শান্তি চায়। এতদিনেও যখন বিরোধী দল তাদের চাওয়া পূরণ করতে পারেননি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ করা উচিত। যদি তাদের জনগণ চায় এবং জনপ্রিয়তা থাকে তাহলে অবশ্যই তারা দেশ পরিচালনায় আসবেন আশা করি।
হোসনে আরা নীলু
এনায়েতগঞ্জ লেন, ঢাকা
চার সিটি কর্পোরেশন ও আগামী জাতীয় নির্বাচন ইসি ও সরকারের জন্য চ্যালেঞ্জ। এই সিটি কর্পোরেশন নিরপেক্ষভাবে হবে বলে আশা করা যায়। তাই সিটি কর্পোরেশন যেভাবে হবে ঠিক সেভাবে জাতীয় নির্বাচন হলে অবশ্যই বিএনপি জাতীয় সংসদে অংশগ্রহণ করবে তা এখন বলা যায় না। যদি বিএনপি জাতীয় সংসদে অংশগ্রহণ করে তাহলে দেশের জন্য মঙ্গল।
ফারুক আহমেদ, বাঘমারা, রাজশাহী
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় গণতান্ত্রিক সরকার ছিল। কিন্তু সাড়ে চার বছরের মাথায় নির্দ্বিধায় বলা যায়, এই সরকার একটি স্বৈরতান্ত্রিক সরকার। সরকারের অধিকাংশ কর্মকাণ্ড এবং একতরফা নির্বাচনের চেষ্টা জনগণের কাছে বিরক্তিকর ও অসহনীয়। তাই প্রধানমন্ত্রীর আশাবাদ যেন ভূতের মুখে রামের কথা।
মো. ফকরুল ইসলাম টিপু
সেনবাগ, নোয়াখালী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পর্যন্ত একদলীয় শাসন প্রতিষ্ঠা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করণের আশা মনে রাখবেন সে পর্যন্ত বিরোধী দল জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেয়ার আশাটি তার দূরাশাই হয়ে থাকবে।
মো. জুনায়েদ সিদ্দিকী
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
দেশের ভালমন্দ, রাজনৈতিক বিষয়ে আমাদের কী করণীয় এ বিষয়ে বিদেশিরা আমাদের পরামর্শ দিয়েই চলেছে—আমাদের দেশের রাজনৈতিক নেতাদের দুর্বলতার কারণেই। যা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। সোনার বাংলাদেশে চলছে হত্যা, গুম যা কখনো কাম্য নয়। নিজেরা সিদ্ধান্ত নিন, বিদেশিদের নাক গলাবার সুযোগ দেবেন না। আপনারা দু’জনে বসুন, আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তা করা উচিত।
মনজু খন্দকার, চুয়াডাঙ্গা
৪টি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করা আর জাতীয় সংসদে দলীয় নির্বাচনে অংশগ্রহণ করা এক কথা নয়। প্রধানমন্ত্রী আশা করতেই পারেন যেহেতু বিএনপি তার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন সময়ে ৪টি মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে বিএনপি এবং অন্যান্য দলের ইস্যু তো ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগসহ প্রগতিশীল সব দল এক সময়ে আন্দোলন করেছিল এবং সফল হয়েছিল। এই প্রেক্ষাপটে ৪টি সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি ভিন্ন। কারণ এখানে অলিখিতভাবে দলীয় প্রভাব চলবে না। নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং কর্মদক্ষতা এখানে পরিষ্কার হবে। এই নির্বাচনে তাদের যোগ্যতা, দক্ষতা এবং সুষ্ঠু নির্বাচনে তাঁদের কর্মকাণ্ড প্রমাণের একটা সুযোগ থাকবে। আমরা মনে করি কোন বিদেশি শক্তির কাছে আমাদের বুদ্ধি বিবেচনা নিয়োজিত করবো না বরং নিজেদের স্বার্থে সঠিক পদ্ধতিতে নির্বাচন করে যাবে। এজন্য সরকারি দল প্রথমত; এবং অবশ্যিকভাবে তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। বিরোধী দলকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে অবশ্যই সরকারের দলের ভূমিকা বেশি। আমরা চাই, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। নির্বাচন শেষে কেউ যেন বলতে না পারে সূক্ষ্ম কারচুপি অথবা ভোট ডাকাতি হয়েছে। আমরা চাই দেশের সকল ভোটারের সঠিকভাবে ভোট প্রদানের নিশ্চয়তা।
ওয়াহিদ মুরাদ
নেসারাবাদ, পিরোজপুর,
দুই পক্ষকেই সংযত হতে হবে। পরমতসহিষ্ণু হতে হবে। একটি জাতীয় সংলাপে বসেই তাদেরকে যার যার কথা বলতে হবে। তাহলেই বিরোধী দলের জন্য সহজ হবে।
আবুল হোসেন, মিরপুর, ঢাকা
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষত্কালে বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। তবে আমাদের কথা হলো, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা অনেকটা কমে গেছে। সরকার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। তবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে।
সোহাগ
ভাগলপুর লেন,
নবাবগঞ্জ, ঢাকা
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। মাননীয় প্রধানমন্ত্রী আশা করছেন, বিরোধী দল নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে সুসংহত করার প্রয়াসে ফিরে আসবেন। আমরাও তাই মনে করছি।
মোহাম্মদ মেজবাহউদ্দিন সেলিম
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
আমরা আশা করছি যত কিছুই হোক বিরোধী দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তাদের শুভ বুদ্ধির উদয় হবে- এ প্রত্যাশা করছি।
এস কে মোহাম্মদ রজিকউদ্দিন
মিরপুর, ঢাকা
বিরোধী দল বা বিএনপি শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। সংলাপ নিয়ে সরকারের ভূমিকা যেমন জনগণ দেখছে তেমনি বিরোধী দলের ভূমিকাকেও পর্যবেক্ষণ করছে।
মো. শওকত আলী শাহীন
ডিওএইচএস, মহাখালী, ঢাকা
স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, আবার দিবা স্বপ্নে মানুষকে বিপদগামীও করে তোলে। বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা দিবাস্বপ্নে আচ্ছন্ন হয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার প্রত্যাশা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। দেশে আজ বিরাজ করছে চরম অশান্তি। জনমনে আজ কোথাও স্বস্তি নেই। সরকার ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে আর বিরোধী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তা তাদের মনের কথা নয়, একান্তই লোক দেখানো কথা। দেশে আজ কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই। সরকারের পছন্দের সব টিভি চ্যানেল ঠিক আছে। রাতের অন্ধকারে বন্ধ করে দেয়া হয়েছে নির্দিষ্ট কিছু টিভি চ্যানেল। এই যদি হয় গণতন্ত্রের নমুনা সে সরকার কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে সুশীল সমাজ তা বোঝে না। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে করা হয়েছে দলীয়করণ। নির্বাচন কমিশন আজ স্বাধীনভাবে তাদের নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। সরকারের সুযোগ্য মন্ত্রীরা যেভাবে দাম্ভিকতার সাথে কথা বলেন তা দেখে মনে হয় আবার ক্ষমতায় আসার বিষয়টি তাঁরা চূড়ান্ত করে রেখেছেন। তাঁরা দেশ নিয়ে ভাবেন না। যত ভাবনা তাঁদের ক্ষমতা নিয়ে। তাই দেশবাসী প্রত্যাশা করে সরকার তাঁদের অবস্থান থেকে সরে এসে জনমত যাচাই করে নির্বাচনকালীন সরকারব্যবস্থার একটি সঠিক রূপরেখা তৈরি করবে। দেশকে সংঘাতময় পরিস্থিতি থেকে বাঁচাবে।
ডা. মর্জিনা আক্তার
বারিধারা পাইল্স কিউর সেন্টার,
গুলশান, ঢাকা ১২১২
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করে ভাবলেন যে, বেগম খালেদা জিয়া আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতে আস্থা নেই। কারণ আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন সর্বজন গ্রহণযোগ্য হবে না। আর শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া পরস্পরকে দোষারোপ করছেন সংলাপ নিয়ে। আমি মনে করি তারা দুইজনেই কেউ সংলাপে বসে কথা বলতে চান না। তাদের কথায় তা স্পষ্ট। তারা দুইজনেই সংঘাত চায়। দেশে সংঘাত হলে তারা দুইজন কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। হবে সাধারণ মানুষ। এখন এই অবস্থা থেকে উত্তরণের পথ কে বের করবে?
আগামী নির্বাচন অনুষ্ঠানের পথে প্রথম ও প্রধান অন্তরায় হচ্ছে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ আদালতের দোহাই দিয়ে নির্বাসনে পাঠিয়ে দেয়া। যে পরিবেশ-পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে একে অপরের প্রতি আস্থা ফিরে পেয়েছিল, সে পরিবেশ-পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, বরং পরিস্থিতি আরো বেশি অবনতি হয়েছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সর্বরোগের অষ্টধাতুর মাদুলি। এই মাদুলি ছিঁড়ে ফেলে নয়, বরং রাজনৈতিক দলগুলোর গলায় পুনরায় পরিয়ে রোগগ্রস্ত তড়পানো রাজনৈতিক রোগীদের নিরাময়ের ব্যবস্থা নিলে আগামী নির্বাচনে আর কোনো প্রতিবন্ধকতা তথা অন্তরায় থাকে না। জণ্ডিস কোন রোগের নাম নয়, একাধিক রোগের উপসর্গ মাত্র। পক্ষান্তরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তিরোহিত হওয়ায় রাজনীতিকদের সাথে সাথে দেশ ও জাতি মহারোগে আক্রান্ত হয়ে পড়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হচ্ছে কূটনীতিকদের দ্বারা, রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে মহাজন রাষ্ট্রের মাধ্যমে। দলীয় প্রধানদের হাতছাড়া হয়ে যাচ্ছে রাজনীতি। তাই নির্বাচনকে সামনে রেখে শুরু হয় গোপন প্রতিশ্রুতির ম্যারাথন দৌড়। যার পরিপ্রেক্ষিতে রাজনীতিকরা সাধারণ জনগণের চাইতে প্রভাবশালী দেশগুলোর কোলঘেঁষে বসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তথাপি আমরা দলের প্রতি গোলামি আনুগত্য দেখিয়ে তিন নম্বরী বাচ্চার মতো তাধিন-ধিন করে নাচতে থাকি।
মুরাদ হোসেন
মধুখালী, ঝিকরগাছা,
যশোর