পুলিশ হেফাজতে নির্যাতন

পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হইয়া উঠিয়াছে স্থানীয় জনগণ। দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে টানা চতুর্থদিনের মতো বিক্ষোভও হইয়াছে সংশ্লিষ্ট এলাকায়। জনগণের দাবির মুখে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করিয়াছিল। সেই কমিটির প্রাথমিক তদন্তেও পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর প্রমাণ মিলিয়াছে। উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্ত্রীসহ চারজনকে হত্যার সাথে জড়িত সন্দেহে শামীম রেজাকে আটক করা হইয়াছিল গত ১৪ মে। আটক অবস্থায় গত ২২ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাহার মৃত্যু হয়। তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) জানাইয়াছেন যে, শামীমকে পুলিশ ছয়দিন আটকাইয়া রাখিয়াছিল। সেই সময়ে তাহাকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হইয়াছে। নিহতের স্ত্রীর অভিযোগ, অবৈধভাবে অর্থ আদায়ের জন্যই তাহাকে নির্যাতন করা হইয়াছে। এই অভিযোগ যে অমূলক নহে তাহাও নিশ্চিত করিয়াছেন তদন্ত কমিটির অপর এক সদস্য। নির্যাতনের মাধ্যমে আরও অনেকের নিকট হইতে অর্থ আদায়েরও প্রমাণ পাওয়া গিয়াছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে কিছু ব্যবস্থাও নেওয়া হইয়াছে। কিন্তু ইহাতে নিহতের স্বজনদের অন্তর্বেদনা ও ক্ষোভ প্রশমিত হয় নাই। হইবার কথাও নহে। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ নূতন নহে। নির্যাতন শুধু নহে, নানাভাবে আইনগত সীমালঙ্ঘনের ঘটনা ঘটিয়া আসিতেছে দীর্ঘদিন যাবত্। সমপ্রতি প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও এই ধরনের অভিযোগ উত্থাপিত হইয়াছে। অথচ কোনো ব্যক্তিকে আইনবহির্ভূতভাবে আটকাইয়া রাখা বা নির্যাতন করা যে সর্বজনীন মানবাধিকার ও সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন—তাহা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অজানা থাকিবার কথা নহে। কেহই আইনের ঊর্ধ্বে নহে। পুলিশ ইচ্ছা করিলেই যে কোনো ব্যক্তিকে আটকাইয়া রাখিতে কিংবা নির্যাতন করিতে পারে না- আমাদের সংবিধানের তৃতীয় ভাগে তাহা সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। জাতিসংঘের গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের প্রসঙ্গ নাইবা তুলিলাম। কিন্তু বাস্তবতা হইল, আজকাল কেহই এইসব আইন-কানুন ও বিধি-বিধানের তোয়াক্কা করেন না। আগে যেইসব আন্তর্জাতিক মহল বা প্রতিষ্ঠান মানবাধিকার লইয়া হৈচৈ করিত, নাইন-ইলেভেন পরবর্তীকালের নির্দয় বাস্তবতার অভিঘাতে তাহাদের কণ্ঠও ম্রিয়মাণ হইয়া পড়িয়াছে। বিশ্ববাসীর নির্বাক চোখের সম্মুখে আফগানিস্তানের বন্দীশিবিরগুলিতে, ইরাকের আবু গারিব কারাগারে এবং গুয়ানতানামো বে-তে যাহা ঘটিয়া গিয়াছে কিংবা ঘটিতেছে—তাহা প্রত্যক্ষ করিবার পর মানবাধিকার শব্দটি উচ্চারণ করিবার অবকাশইবা কোথায়? এইদিকে, বাংলাদেশে ওয়ান ইলেভেনের পর নির্যাতন-নিবর্তনের ধারা প্রবল হইয়াছে। এই বাস্তবতায় এই প্রশ্ন তোলা যায় যে, বিশ্বে সকল রাষ্ট্র মিলিয়া আজি হইতে প্রায় ৬৫ বত্সর আগে মানবাধিকারের যে-সনদটি সর্বসম্মতভাবে গ্রহণ করিয়াছিল, এখন তাহার কোনো যৌক্তিকতা আছে কিনা। অপ্রিয় হইলেও সত্য যে, বিশ্বের প্রায় সর্বত্রই প্রতিনিয়ত নানাভাবে নাগরিকদের মৌলিক ও মানবিক অধিকার লঙ্ঘিত হইতেছে। একদা মানবাধিকার লইয়া যাহারা অত্যন্ত সোচ্চার ছিলেন, তাহারা নিজেরাও যে তাহার প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করিতেছেন এমনটিও বলা যাইবে না। ইহার পিছনে কিছু কারণও নিশ্চয় আছে। কারণ যাহাই হউক, একদা যেইসব অধিকার ও স্বাধীনতার জন্য বিশ্বের মানুষ বিপুল ত্যাগ স্বীকার করিয়াছে, সেইসব অধিকার ও স্বাধীনতা রক্ষা করা যে ক্রমেই কঠিন হইয়া পড়িতেছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। এখন হয় তাহা মানিয়া লইতে হইবে, অথবা অধিকার ও স্বাধীনতার প্রশ্নে বিশ্ববাসীকে আবারও একাট্টা হইতে হইবে।