পে স্কেল অথবা মহার্ঘভাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৫৪
সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাষ্ট্র পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের বেতন কাঠামো বর্তমান বাজারদরের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। ২০০৯ সালে সর্বশেষ পে-স্কেল দেয়া হয়েছিল। ২০০৯ সালের বাজার দর ও ২০১৩ সালের বাজার দর এক নেই। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, এই কয়েক বছরে প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং কোনো কোনো জিনিসের দাম কয়েকগুণ বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের এক আতঙ্কের নাম বাড়িভাড়া বৃদ্ধি। এদিকে গ্যাস ও জ্বালানির দাম কয়েক দফা বৃদ্ধির কারণে যানবাহন ভাড়াও কয়েক দফা বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জিনিসপত্রের দামের ওপর। শিক্ষা ব্যয় বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ বেতনসহ বিভিন্ন ফি’র কারণে সীমিত আয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করা কষ্টকর হয়ে উঠেছে। চিকিত্সা ব্যয় এই কয়েক বছরে বেশ বেড়ে গিয়েছে। অতএব অসন্ন বাজেটে নতুন পে-স্কেল দেয়া হোক। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত মূল বেতনের শতকরা ত্রিশ ভাগ মহার্ঘভাতা কার্যকর করা হোক, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।
মো. আরিফুর রহমান সুমন,
সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন,
দিলকুশা বা /এ, ঢাকা ১০০০