মুলাদী স্টেডিয়াম পরিত্যক্ত থাকবে কেন?
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৫৪
বরিশাল জেলার মুলাদী উপজেলা সদরে নামকাওয়াস্তে একটি স্টেডিয়াম রয়েছে। মুলাদী থানা সংলগ্ন এলাকায় স্টেডিয়ামটি অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে স্টেডিয়ামটির তেমন কোনো উন্নয়ন হয়নি। এর নিরপত্তা বেষ্টনী নেই। একটি গ্যালারি থাকলেও সেটি ভেঙে বসার অনুপযোগী হয়ে গেছে দীর্ঘদিন হলো। এখানে সরকারি অথবা বেসরকারি পর্যায়ে কোনো খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এদিকে নিরাপত্তা বেষ্টনী না থাকায় দিনের বেলায় স্থানীয় কৃষকরা তাদের গরু-ছাগল চরায়। স্টেডিয়ামের সর্বত্র লক্ষ্য করা যাবে আবর্জনার স্তূপ। রাতের বেলা এখানে বসে মাদকসেবীদের আড্ডা। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। বলা যায়, মুলাদী স্টেডিয়ামটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় ক্রীড়ামোদীদের উত্সাহিত করার জন্য মুলাদী স্টেডিয়ামের উন্নয়ন জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এস.এম. জহিরুল ইসলাম,
মুলাদী, বরিশাল