তামাকের ওপর উচ্চহারে কর আরোপ করা হোক
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৫৪
তামাকজনিত ক্ষতির ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা আজ স্বীকৃত। পৃথিবীতে সর্বোচ্চ তামাক সেবনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জানা যায়, আমাদের ৪ কোটি ৬০ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ সিগারেট, বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। নারীদের ২৮% আর পুরুষদের ২৬% ধোঁয়াবিহীন তামাকে আসক্ত। অন্যদিকে প্রতিবছর তামাক ব্যবহারে বাংলাদেশে ৫৭,০০০ ব্যক্তি মৃত্যুবরণ করেন। এছাড়া প্রতিবছর প্রায় ১২ লাখ মানুষের ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্কের রক্তক্ষরণ, হূদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ ও তামাকজনিত অন্যান্য রোগে অসুস্থতার জন্য তামাক সেবন দায়ী। পৃথিবীতে বাংলাদেশেই সিগারেটের মূল্য সবচেয়ে কম— যেখানে বিড়ি আরো কমমূল্যে পাওয়া যায়। আসন্ন ২০১৩-২০১৪ সালের বাজেটে সিগারেটের দাম আরো বাড়ানো উচিত যা ধূমপায়ীদের ধূমপান ত্যাগে বাধ্য করবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা১২১৬