বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তিরক্ষীরা মালিতেও জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেবে জানিয়ে বলেছেন, বাংলাদেশ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূূচিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে আমরা বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের মানুষ সব সময় পাশে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি সেনা ও পুলিশ সদস্য পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন; বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে অগ্রসর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আর্থার এরকেনও অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট এ্যান্ড ট্রেনিংয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান ভূঁইয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ ডেস্ক) সাইয়েদা মুনা তানসিম যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গত এক বছরে নিহত দু’জন শান্তিরক্ষীর পরিবার এবং পাঁচ আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী।