নগরকান্দার মেয়র জাহিদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কাছে জমা দিয়েছে মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয় বলে একজন কৌঁসুলি জানান।
বুধবার মেয়র জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। তদন্তে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন সংস্থাটির সমন্বয়ক হান্নান খান ও সহ-সমন্বয়ক সানাউল হক। তারা জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসেবে জাহিদ হোসেন লুটপাট, অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্মান্তরকরণ, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।