সাতজনের যাবজ্জীবন
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৬
২০০৭ সালে উত্তরা থানার একটি ডাকাতি ও খুনের মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু তাহের বাবু ওরফে টর্নেডো বাবু, রাজু খন্দকার ওরফে চায়না রাজু, সোহাগ, আদিব মাহমুদ দীপ্ত ওরফে রানা, রুবেল, নাসিম কবির বাবু ও মঞ্জু হোসেন। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আকতারুজ্জামান এ আদেশ দেন। আসামিদের মধ্যে মঞ্জু হোসেন পলাতক। অপর আসামিরা জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ মামলার ভিকটিম নিহত আমিনুল ইসলাম শাহীন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কুমল্লা গ্রামের নাসির উদ্দিন তালুকদারের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৯ জুন উত্তরা থানাধীন ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ২৩ নম্বর বাসার সামনের রাস্তায় দুর্বৃত্তরা আমিনুল ইসলাম শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় তারা শাহীনের একটি দামি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই উত্তরা মডেল থানায় উপপরিদর্শক মোকাররম হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
২০০৮ সালের ২৯ জুন ডাকাতি ও খুনের ঘটনা স্বীকার করে আসামি আবু তাহের বাবু ওরফে টর্নেডো বাবু, রাজু খন্দকার ওরফে চায়না রাজু, মো. সোহাগ, মঞ্জু হোসেন ও আদিব মাহমুদ দীপ্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।