জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

দোয়া মাহফিল, আলোচনা সভাসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শেরে বাংলানগরের জিয়া উদ্যানে জড়ো হন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেলা সোয়া ১১টায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে তিনি মাজার চত্বরে ওলামা দলের ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন। এছাড়া মাজার প্রাঙ্গণে ড্যাব-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, সহ-সভাপতি সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পুষ্পস্তবক দেয়ার পর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মত্স্যজীবী দল, তাঁতী দল, মুক্তিযোদ্ধাপ্রজন্ম দল, জাতীয়তাবাদী তৃণমূল দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা জিয়ার মাজারে ফুল দেয়। এ উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ১৪ দিনের কর্মসূচি নিয়েছে। গতকাল সকাল ছয়টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে একই কর্মসূচি পালন করা হচ্ছে। চট্টগ্রাম অফিস জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়। সকালে নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতা-কর্মীরা। সেখান থেকে গাড়ির বহর নিয়ে তারা রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে নগর বিএনপির উদ্যোগে বায়তুশ শরফ মসজিদে দোয়া মাহফিল, মোনাজাত ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মোস্তফা হাকিম ফাউন্ডেশন খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে। সকালে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ভবনে অনুর্িষ্ঠত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল রাঙ্গুনিয়াস্থ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।