চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৩
চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। বয়স হয়েছিল ৪৯ বছর। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহের বাসভবনে মারা যান তিনি। ডাক্তাররা জানিয়েছেন, ঘুমের মধ্যে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ। গত কয়েকদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। তার অকাল প্রয়াণে শোকে স্তব্ধ গোটা চলচ্চিত্র জগত্। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ অনেকে।
ঋতুপর্ণ ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেন এবং ১২টি জাতীয় পুরস্কার পান। সত্যজিত্ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক পরবর্তী বাংলা সিনেমার নতুন এক ধারা তৈরি করেছিলেন ঋতুপর্ণ। ১৯৯৪ সালে ‘হীরের আংটি’ ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু। ওই একই বছর তিনি তার দ্বিতীয় ছবি ‘১৯ শে এপ্রিল’-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পান। এরপর একের পর এক দহন, অসুখ, উত্সব, চোখের বালি’র মতো অনন্য সাধারণ সব ছবি তিনি ভারতীয় দর্শকদের উপহার দেন। তার শেষ ছবি চিত্রাঙ্গদা। অসম্পূর্ণ রয়ে গেল ব্যোমকেশ বক্সী।
শুধু চলচ্চিত্র পরিচালনার গণ্ডিতে তিনি তার প্রতিভা সীমাবদ্ধ রাখেননি। দুটি বহুল প্রচলিত বাংলা ম্যাগাজিন সানন্দা এবং রোববার এর সম্পাদক হিসাবেও দাপটে কাজ করেছেন তিনি। এছাড়া আরেকটি প্রেমের গল্প, মেমরিস ইন মার্চ ও চিত্রাঙ্গদা ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের মনও কেড়েছেন। রাতে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়। বাসভবন থেকে দুপুর দুইটায় তার মরদেহ নন্দনে নিয়ে আসা হয়। প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে তার মরদেহ রাখা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে শেষশ্রদ্ধা জানানোর পর সিরিটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৬৩ সালের ৩১ আগস্ট ঋতুপর্ণ ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করেন। এরপর বেড়ে ওঠা, পড়াশোনা সবই কলকাতায়। তিনি সাউথ পয়েন্ট স্কুল পার হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষাজীবন শেষ করেন। তার মৃত্যুতে টালিউড শোকস্তব্ধ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঋতুপর্ণার তুলনা তিনি নিজেই। বুদ্ধদেব ভট্টাচার্য শোক প্রকাশ করে বলেন, তিনি চলচ্চিত্র নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতেন। শোক প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, বাংলা চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতা তৈরি হল। তিনি চলচ্চিত্র শিল্পে যে অভিনবত্ব এনেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আমি বিশ্বাস করতেই পারছি না, ঋতুপর্ণ নেই। আমরা অকালে একজন মেধাবী চলচ্চিত্রকারকে হারালাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বেশ কয়েকজন মন্ত্রী, চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী ঋতুপর্ণের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ছুটে যান।