গঙ্গাচড়ার চরাঞ্চলে ভরসা ঘোড়ার গাড়ি
গঙ্গাচড়া(রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৪
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার দুর্গম চরাঞ্চলে পণ্য ও মালামাল পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা।
চারিদিকে শুধু বালু আর বালু। আর সেই বালুর উপর দিয়ে বাধা-বিঘ্ন অতিক্রম করে ছুটে চলছে ঘোড়ার গাড়ি। উপজেলার ৭টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী এলাকায় শুষ্ক ও বর্ষা মৌসুমে ৫/৬ কি.মি. পথ হেঁটে পার হতে হয়। শুষ্ক মৌসুমে এখানে বালুর উপর দিয়ে হেঁটে যাওয়া দুষ্কর। সেই বালুর উপর দিয়ে ঘোড়ার গাড়ি নদীর এপার ওপারে মালামাল পরিবহন করছে। ফলে দিন দিন ঘোড়ার গাড়ির ব্যবহার বেড়েই চলছে। একসময় সৌখিন লোকজন শখ করে ঘোড়া কিনে চড়ে বেড়াত। সময়ের পরিবর্তনে সেই ঘোড়া এখন তিস্তা কূলবর্তী লোকজনের আয়ের উত্স। জীবিকা নির্বাহের প্রয়োজনে অনেকে ধার-দেনা করে হলেও ঘোড়ার গাড়ি কিনছে। চর ছালাপাক গ্রামের রফিকুল ইসলাম জানান, প্রতিটি ঘোড়ার গাড়ি তৈরি করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। একটি ঘোড়া কিনতে লাগে কমপক্ষে ১৫ হাজার টাকা। আর চাকা, বাঁশ ও অন্যান্য খরচ মিলে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। ঘোড়ার গাড়ি আলুর মৌসুমে প্রতিদিন কমপক্ষে ১ হাজার আয় করা হয়। তবে ঘোড়ার গাড়ির মালিকরা জানান, প্রতিদিন গড়ে ৫শ’ থেকে ৭শ’ টাকা আয় হয়। আলুর মৌসুমে একটু বেশি আয় হয়। ঘোড়ার পিছনে খরচ হয় দেড়শ’ টাকা। বাকি টাকা দিয়ে কোনরকমে তারা সংসার চালায়।