প্রবল ঢেউ :১০ ফেরি বন্ধ মাওয়ায় স্পিড বোট ডুবি

বৈরী আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বৃহস্পতিবার দিনভর সকল প্রকার নৌযান চলাচল এক প্রকার বন্ধই ছিল। প্রচণ্ড ঢেউ আর বৈরী আবহাওয়ার কারণে ২ শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ভাসছিল একটি লঞ্চ। সকাল সাড়ে ১০টার দিকে প্রচণ্ড ঢেউয়ে ১১ যাত্রী নিয়ে একটি স্পীডবোড মাওয়ার কাছে পদ্মায় ডুবে যায়। ৭ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও ৪ যাত্রী নিখোঁজ রয়েছে বলে বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক জানান। তবে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম জানিয়েছেন, তারা ৮ যাত্রীকে উদ্ধার করেছেন। এদিকে ঢেউয়ের কারণে মাওয়া পদ্মা পাড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। মাওয়া লঞ্চ ও ফেরি ঘাটও ভাঙনের হাত থেকে রক্ষা পায়নি। বৈরী আওহাওয়ার কারণে বুধবার রাতে পদ্মার পানি ঘাট এলাকায় আছড়ে পড়ে। মাওয়া ৩ নং রো রো ফেরি ঘাটের রাস্তার বালু সরে গিয়ে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লে বাধ্য হয়ে ঐ ঘাট দিয়ে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে বৃহস্পতিবার সকালে প্রচণ্ড ঢেউ আর বাতাসের মধ্যে ফেরি চলাচল সচল হলেও ১৪টি ফেরির মধ্যে শুধু দুটি রো রো ও দুটি ফ্ল্যাট ফেরি দিয়ে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস চালু রাখা হয়। বৃষ্টি আর ঝড়ো হাওয়ার কারণে এক এক করে ১০ ফেরিই বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ । প্রচণ্ড ঢেউ আর বাতাসে ছোট ও মাঝারি ফেরিগুলো পদ্মায় চলতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে তাই বন্ধ রাখা হয়। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আর ফ্ল্যাট ফেরি কেতকি ও কাকলীকে দিয়ে সার্ভিস কোনমতে টিকিয়ে রাখা হয়। এদিকে দীর্ঘ ৪ ঘন্টা পদ্মায় ভেসে থাকা পর বিকেল ৩টার দিকে মাওয়ার ২ শতাধিক যাত্রী নিয়ে নাড়িসা এক্সপ্রেস নামে একটি লঞ্চ মাওয়া ঘাটে ভিড়তে সক্ষম হয়। বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চটি ঘাটে ভিড়তে পারছিল না।