জাতিসংঘ দূতের বক্তব্য দেশে শান্তি বিনষ্টের অপচেষ্টা

হেফাজতে ইসলাম-এর আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত রাশিদা মানজুর বক্তব্য এ দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের নগ্ন অপচেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ দূতকে বলতে হবে হেফাজতের ১৩ দফা দাবির কোন অংশকে তিনি নারী অধিকার ও স্বার্থ বিরোধী বলে মনে করেন। হেফাজতের ১৩ দফা নিয়ে রাশিদা মানজুকে উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকালই বিবৃতি দিয়েছেন আল্লামা শফী। বিবৃতিতে হেফাজতের আমির বলেছেন, রাশিদা মানজুকে বলতে হবে দেশের তৌহিদী জনতার দাবি ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে চরম উস্কানিমূলক বক্তব্য দেয়ার অধিকার তার রয়েছে কিনা। আহমদ শফী বলেন, হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফার নারী সংশ্লিষ্ট চতুর্থ দফায় রয়েছে, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু ও যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একই লক্ষ্যে নারী-পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী-নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুক-প্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে। পঞ্চম দফায় উল্লেখ করা হয়েছে, নারীনীতি ও শিক্ষানীতির ইসলাম বিরোধী ধারা ও বিষয়সমূহ বিলুপ্ত করতে হবে এবং শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামের মৌলিক শিক্ষা মুসলিম ছাত্রদের জন্য বাধ্যতামূলক করতে হবে। হেফাজত আমির আরো বলেন, জাতিসংঘ প্রতিনিধিকে অবশ্যই প্রতিটি দেশের অভ্যন্তরীণ সংস্কৃতি, ধর্মীয় রীতি ও জাতীয় আবেগ ও মনোভাবকে সম্মান দেখিয়ে বক্তব্য রাখতে হবে। এদেশের ৯০ ভাগ অধিবাসী মুসলমান। মুসলমানগণ তাদের ধর্মীয় রীতিনীতি ও নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তাছাড়া ইসলামে কারো অধিকার ক্ষুণ্ন হয়, এমন কোন নির্দেশনা নেই। তিনি বলেন, সফরকারী জাতিসংঘ প্রতিনিধির কাছে জাতি কর্তৃত্বময় কথা নয়, অতিথিসুলভ আচরণই আশা করে। তাঁর মনে রাখা উচিত, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, কারো অঙ্গরাজ্য নয়। অন্যদিকে হেফাজতের আমির আল্লামা শফী সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, হেফাজতে ইসলামের গ্রেফতারকৃত অন্য নেতাকর্মীদেরকেও মুক্তি দিয়ে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। এদিকে গতকাল সকালে হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা কমিটির বিশেষ প্রতিনিধি দল আল্লামা শফীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন।