সিটি নির্বাচনে প্রার্থীদের এক মঞ্চে আনবে সুজন

দেশের ৪টি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সুজন নেতৃবৃন্দ বলেছেন, এবারের নির্বাচনে মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, যা আইনের লঙ্ঘন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুজনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে বলেও জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংগঠনের কেন্দ ীয় নেতা সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ। সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, চার সিটি করপোরেশনের সদ্য পদত্যাগী মেয়রদের বর্তমান সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে। আগেরবার নির্বাচনের সময় তাদের দেয়া সম্পদের হিসাবের সঙ্গে এবারের সম্পদের হিসাব মেলালেই সেটার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, ক্ষমতা আর দ্রুত অধিক সম্পদের মালিক হবার লোভেই এবার চার সিটি করপোরেশনে দলীয় পরিচয়ে নির্বাচন করতে প্রার্থীদের দৌড়ঝাঁপ আগের তুলনায় অনেক বেড়েছে। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের আইন ও নীতিমালা লঙ্ঘন করে এবার দলীয় পরিচয়ে চার সিটিতে নির্বাচনের প্রচারণা চলছে। রাজনৈতিকভাবে ১৪ দল ও ১৮ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নেতারা প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সুজনের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হবে। তিনি বলেন, দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচনে ভোটাররা প্রতারিত হন। তারা সত্ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে পারেন না। কারণ সত্ ও যোগ্য লোক পরাজয়ের ভয়ে নির্বাচন করার সাহস পান না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন চার সিটি নির্বাচন উপলক্ষে মিডিয়ার মাধ্যমে স্ব স্ব এলাকায় মেয়র প্রার্থীদের পরস্পরের মুখোমুখি করা হবে। আগামী ১ জুন বরিশাল, ৪ জুন রাজশাহী, ৮ জুন সিলেট এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের এক মঞ্চে মুখোমুখি করার কর্মসূচি রয়েছে সুজনের। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনে চার সিটির মেয়র এবং কাউন্সিলরদের সম্পদ ও তাদের নামে থাকা মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে অনেকেই সঠিক তথ্য দাখিল করেননি। তাদের দাখিল করা তথ্য উপাত্ত সরেজমিন তদন্ত হলে আসল চিত্র বেরিয়ে আসবে। তিনি বলেন, এবার চার সিটি নির্বাচনে মেয়র ও কউন্সিলর প্রার্থীদের বেশিরভাগই পেশা হিসাবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। আর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা নিজেদের গৃহিণী বলে উল্লেখ করেছেন; কিন্তু কোনো প্রার্থী নিজের পেশা হিসাবে কৃষির কথা উল্লেখ করেননি।