ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ড সুলতানগঞ্জ

শেষপর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফশীল ঘোষণার ক্ষেত্রে বাধা দূর হয়েছে। গত রাতে সুলতানগঞ্জ ইউনিয়নকে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তাবে এই গেজেট প্রকাশ করে। এটি হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড। ইতিপূর্বে এর অধীনে ৫৬টি ওয়ার্ড ছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়ার্ডভুক্ত করার জন্য সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসাবে যুগ্ম সচিব আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়। তাকে সহায়তা করেন উপসচিব শওকত আলী ও সিনিয়র সহকারি সচিব সরোজ কুমার নাথ। প্রসঙ্গত ২০১১ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশন ভেঙ্গে উত্তর ও দক্ষিণ দুটি আলাদা সিটি করপোরেশন করা হয়। নির্বাচন কমিশন গত বছরের ৯ এপ্রিলে তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ওই বছরের ২৪ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর এক সপ্তাহের পর নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ যথাযথভাবে না হওয়ার অভিযোগে হাইকোর্টে রীট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে নির্বাচন স্থগিত করে যথাসম্ভব ঢাকা ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করতে আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ গত বুধবার সুলতানগঞ্জ ইউনিয়নকে নতুনভাবে ওয়ার্ড ঘোষণা না-কি তা সিটি করপোরেশনের বাইরে রাখা হবে- এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠায়। আইন মন্ত্রণালয় নতুন ওয়ার্ড করার পক্ষে মত দেয় বলে জানা গেছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই ওয়ার্ড ঘোষণা ও নতুনভাবে সীমানা নির্ধারণ করার প্রশাসনিক কাজ শুরু করে স্থানীয় সরকার বিভাগ।