ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে বিদেশি পণ্য কেনা যাবে
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৬
এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা (আইসিসি) ইন্টারনেটের মাধ্যমেই পণ্য বা সেবা কিনতে পারবেন। এর আগে আইসিসি ব্যবহার করে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আবেদনের ফি’সহ অন্যান্য আর্থিক লেনদেন এবং হোটেল বুকিং দেয়ার সুযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে প্রথমবারের মত সবধরনের পণ্য বা সেবা ক্রয়ে এ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।
দেশে কার্যরত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশ থেকে পণ্য বা সেবা ক্রয়ে অনলাইনে বৈদেশিক মুদ্রা পরিশোধের বিধিমালা বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। বর্তমানে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তি বিদেশি খ্যাতিমান ও নির্ভরযোগ্য উত্স হতে বৈধ পণ্য ও সেবা (যেমনঃ অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার, ই-বুক ইত্যাদি) কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ ১০০ মার্কিন ডলার বা সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা পরিশোধ করা যাবে। পণ্য বা সেবা ক্রয়ের বিপরীতে অনলাইন পরিশোধের ব্যবস্থায় আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তির অব্যবহূত বার্ষিক ভ্রমণ কোটা ছাড়াও অতিরিক্ত বার্ষিক সর্বোচ্চ এক হাজার মার্কিন ডলার পর্যন্ত ব্যবহারযোগ্য হবে।
অন্যদিকে ক্রয়কালীন লেনদেনের ক্ষেত্রে যদি কর বা শুল্ক প্রযোজ্য হয় তাহলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তিকে তা পরিশোধ করতে হবে। এছাড়া অনির্ভরযোগ্য ও অসাধু বিক্রেতার প্রতারণার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে কার্ডধারীকে সতর্ক করা হয়েছে ওই সার্কুলারে।