কুমিল্লা শিক্ষা বোর্ড
সার্টিফিকেট জালিয়াতির ৪৮টি মামলার চার্জশিট অনুমোদন
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৭
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট সরবরাহের অভিযোগে দায়েরকৃত ১৬৪টি মামলার মধ্যে ৪৮টি মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
দুদক সূত্র জানায়, ১৯৯৮ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১৬৪ জন শিক্ষার্থী জাল মার্কশিট ও প্রশংসাপত্রের মাধ্যমে মৌলভীবাজার সরকারি কলেজ, মদন মোহন কলেজ, সিলেট, সিলেট সরকারি কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, কুমিল্লা, গুণবতী ডিগ্রী কলেজ, বদিউল আলম কলেজ, শামসুল হক কলেজ, মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ, মীর আব্দুল গফুর কলেজ, মহোনা ডিগ্রী কলেজ, চান্দিনা মহিলা কলেজ, শাহেবাবাদ ডিগ্রী কলেজ, রহমানিয়া চির সবুজ কলেজ, চিকি চাঁদপুর কলেজ, রামগঞ্জ সরকারি কলেজ, লক্ষ্মীপুর জিলানী চিশতী কলেজ, কালির বাজার কলেজ, শাহ শরীফ কলেজ, হাজী মনির আমেদ কলেজ ফেনী, চাটগাঁও মাহবুব সরকারি কলেজ, নোয়াখালীতে একাদশ শ্রেণীতে ভর্তি হন। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক মোট ১৬৪টি মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে ৪৮টি মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে চূড়ান্ত চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। বাকি ১১৬টি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।