রাসিক নির্বাচন

মেয়র প্রার্থী বুলবুলেরবিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আচরণ বিধিভঙ্গের লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়। । অভিযোগে বলা হয়, গত বুধবার মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় হেফাজতে ইসলামীর শীর্ষনেতা হাফেজ মাওলানা আব্দুস সামাদ মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের ধ্বংস ও পরাজয় কামনা করেন এবং তার ওপর আল্ল¬াহর গজব নেমে আসবে বলে মন্তব্য করেন যা উস্কানিমূলক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাতের মধ্যদিয়ে নির্বাচনী আচরণ বিধির ১০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া মেয়র প্রার্থী লিটনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফজলে হোসেন বাদশা অভিযোগ তুলেছেন, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীতে নির্বাচন কমিশন ঘোষিত ৪টি নির্বাচনী ক্যাম্পের অতিরিক্ত আরো ৬৬টি অর্থাত্ ৭০টি নির্বাচনী অফিস বা ক্যাম্প স্থাপন করেছেন। এসব বিষয়ে আজ শুক্রবার রিটানিং অফিসারের কার্যালয়ে শুনানি ও সিদ্ধান্ত হতে পারে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, তিনিসহ রিটার্নিং অফিসার ও অপর সহকারী রিটার্নিং অফিসার সকলে ঢাকাস্থ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে জরুরি সভায় রয়েছেন। এ বিষয়ে আগামীকাল (আজ শুক্রবার) শুনানি ও সিদ্ধান্ত হতে পারে।