শৈলকুপায় নিহত বিএনপি নেতার শাশুড়ি অপহরণ

ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মার্কেটের সহ-সভাপতি নিহত রফিকুল ইসলাম মজুমদারের শাশুড়ি লিপি বেগমকে অপহরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। শৈলকুপা থানার ওসি জানান, লিপি বেগম শেখপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ৪-৫ জন লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কারা তাকে অপরণ করে নিয়ে গেছে এ ব্যাপারে নিহত রফিকুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা ঝরা বা আত্মীয়-স্বজন কিছু বলতে পারেনি বলে ওসি জানান। নিহত রফিকুল ইসলাম মজুমদার তার শাশুড়ির বাড়ি শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বেড়াতে আসলে গত ৫ জানুয়ারি র্যাব পরিচয়ে ৭-৮ জন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ে গ্রামের মাঠে তাকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।