দুটি মামলায় আলালের জামিন
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৯
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৯ মে পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলালকে আদালতে পাঠানো হয়। এদিন মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টা মামলায় জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৩ মে আলালকে আদালতে হাজির করা হলে পল্টন থানায় ককটেল বিস্ফোরণের মামলায় রিমান্ড ও জামিন উভয় আবেদন বাতিল করে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলা দুটিতে ফৌজদারী বিবিধ মূলে এই আদালতে জামিনের আবেদন করা হয়। এর আগে ৮ মে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাতটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভের পর গেট থেকে তাকে আবারো আটক করা হয়। পরে তাকে পল্টন ও মতিঝিল থানার এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আলালের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, অন্য কোনো মামলায় তাকে সম্পৃক্ত করা না হলে আজ শুক্রবার কারাগার থেকে তিনি মুক্তি পেতে পারেন।