দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৯
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা আইন-শৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলার সার্বিক আইন- শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা পাবনায় মাদক বিস্তারের ভয়াবহতা উল্লেখ করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক নির্মূলে আরো কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।