বিএনপির প্রচারণায় জাতীয় ইস্যু হিরন গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সমস্যা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫২
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত জাতীয়তাবাদী নাগরিক ফোরামের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের প্রচারণায় বিএনপির ভোট ব্যাংক কাজে লাগাতে জাতীয় পর্যায়ে সরকারের ব্যর্থতার ইস্যু তুলে ধরা হচ্ছে। সদ্য বিদায়ী মেয়র সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী শওকত হোসেন হিরন তার ক্ষমতার ৪ বছর ৭ মাসে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে সহ-অবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বরিশালকে ঘিরে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুধু সরোয়ার-কামাল নয়, এবায়দুল হক চানসহ সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। বিএনপির ঐক্যবদ্ধ প্রচারণায় আওয়ামী লীগ সরকারের আমলে হলমার্ক, ডেসটিনি, শেয়ার কেলেঙ্কারি, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি ও সরকারের বিরুদ্ধে ইসলাম বিরোধী তত্পরতার অভিযোগ তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগে প্রকাশ্যে তেমন কোন্দল বা বিভক্তি না থাকলেও দলের মধ্য থেকে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বিদ্রোহী প্রার্থী বহাল থাকায় কিছুটা বিব্রত দলটি। তবুও বিজয়ের ব্যাপারে আশাবাদী মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন। তিনি প্রচারণাকালে ৩০ বছরের উন্নয়ন বনাম তার ক্ষমতার ৪ বছর ৭ মাসের উন্নয়ন চিত্র তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছেন ‘আমি যদি উন্নয়ন প্রশ্নে কারো চেয়ে বিন্দুমাত্র কম করে থাকি তাহলে আমাকে ভোট দেয়ার দরকার নেই’। শওকত হোসেন হিরন স্থানীয় নির্বাচনে স্থানীয় উন্নয়নের গুরুত্ব বিবেচনা করে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোটারদের পরামর্শ দিয়ে বলছেন ‘আমি মেয়র থাকা অবস্থায় রাজনৈতিক সহ-অবস্থানের মধ্য দিয়ে বরিশালকে শান্তির নগরীতে পরিণত করেছি। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ না হয়ে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। আপনারাও দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন ও যোগ্যতা বিবেচনা করে আগামী ১৫ জুন রায় দিবেন বলে আমি বিশ্বাস করি।
নির্বাচনে অপর প্রার্থী মাহমুদুল হক খান মামুনের বিরুদ্ধে হিরন বা কামালের কোনো বক্তব্য নেই। তবে মামুন দুই জোটের দুই শক্তিশালী প্রার্থীর মধ্যে নিজ দলের সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধেই সমালোচনার তীর ছুঁড়ে নিজে মেয়র নির্বাচিত হতে পারলে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। প্রার্থীদের টার্গেট একটাই- ভোটারদের মন জয় করা।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে
প্রার্থীদের গণসংযোগ
গতকাল বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করেই মহানগরীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
সম্মিলিত নাগরী কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরন গতকাল নগরীর কাশিপুরের ৩০, ২৯, ২৮ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন বলেন, এই মহানগরীকে আমি আমার মনের মত করে সাজাতে চাই। বর্ধিত এলাকার সকল রাস্তা পাকা করার কাজের জন্য আমি শেষবারের মতো মেয়র হতে চাই। গণসংযোগকালে মেয়র পদপ্রার্থী হিরনের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুচ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মাদ হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু।
জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল বৃহস্পতিবার সকালে নগরীর ২, ১১ ও ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন, মহনগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি, সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীনসহ অন্য নেতৃবৃন্দ।
বিদ্রোহী প্রার্থীর প্রচারণার গাড়ি ভাংচুর
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রচারণার কাজে ব্যবহূত ৩টি অটোরিকশা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। মেয়র প্রার্থী খান মামুনের মিডিয়া বিষয়ক কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, গতকাল দুপুরে নগরীর সাগরদী বাজার এলাকায় একটি অটোরিকশা ভাংচুর করে আওয়ামী লীগ ক্যাডার আবুয়াল হোসেন অরুন। এর পর পর্যায়ক্রমে নগরীর বাংলাবাজার, নতুন বাজার এলাকায় আরো দুইটি অটোরিকশা ভাংচুর করে অরুন বাহিনীর সদস্যরা। অরুন বাহিনীর হামলার ভয়ে ঐ এলাকায় মামুনের প্রচারণা বন্ধ রয়েছে।
মেয়র প্রার্থী মামুনকে যুবলীগ
থেকে বহিষ্কারের সিদ্ধান্ত
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ব্যর্থ হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বরিশালের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য রুপালী ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরন ও আতাউর রহমান আতার উপস্থিতিতে দপ্তর সম্পাদক কাজী আনিচুর রহমান এ ঘোষণা দেন।