মালালা চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশি মেয়ে ফাতিমা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫২
পাকিস্তান বংশোদ্ভূত আলোচিত কিশোরী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নায়িকার সন্ধান পেয়েছেন ভারতের চিত্রনির্মাতা আমজাদ খান। ওই নায়িকা বাংলাদেশি মেয়ে ফাতিমা শেখ। সে ঢাকার মেয়ে। ছবির নাম ‘গুল মাকাই’। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মালালা ইউসুফজাইয়ের জীবনীভিত্তিক এই চলচ্চিত্রটির শুটিং ভারত, পাকিস্তান, লন্ডন ও ইরানে অনুষ্ঠিত হবে। গত ৪০ দিন ধরে ফাতিমার পরিচয় গোপন রাখা হয়। আমজাদ খান বলেন, ফাতিমার মা-বাবার আপত্তি থাকায় তাদের রাজি করাতে অনেক সময় লাগে। এছাড়া ফিল্মের দ্বিতীয় শুটিং সিডিউল শেষ না হওয়া পর্যন্ত তারা তার নাম প্রকাশেও রাজি হননি। বাংলাদেশি নাগরিক হওয়ায় তার ওয়ার্ক পারমিটের প্রয়োজন ছিল। গত দশ দিন আগে তার ওয়ার্ক পারমিট মেলে। আমজাদ জানান, প্রায় তিন মাস চেষ্টার পর পাকিস্তানে ছবিটির শুটিংয়ের অনুমতি মিলেছে। ইসলামাবাদ ও করাচিতে শুটিং হবে। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। তিনি জানান, চলচ্চিত্রে তালেবান তত্পরতা এবং তরুণদের প্রশিক্ষণ দেয়াসহ সব কিছু তুলে ধরা হবে। তিনি বলেন, ফাতিমা একটি ছোট মেয়ে। তাকে সেটে নিয়ে আসব যাতে সে সবার সঙ্গে পরিচিত হতে ও খাপ খাইয়ে নিতে পারে। সে যাতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেভাবে তাকে গড়ে তুলবো। নারীশিক্ষার পক্ষে কথা বলায় মালালা ইউসুফজাই (১৫) গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে জঙ্গিদের গুলিতে আহত হওয়ার পর বিশ্বে আলোচনায় চলে আসেন।