রাজনীতি করবেন না বলে মুচলেকার শর্ত ভঙ্গ করায় তারেকের বিরুদ্ধে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রাজনীতিতে সক্রিয় হবেন না বলে সরকারকে দেয়া মুচলেকার শর্ত ভঙ্গ করায় তারেক রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে নতুন চারটি থানা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে সক্রিয় হবেন না- সরকারকে এমন মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে যান। কিন্তু সমপ্রতি তারেক রহমান লন্ডনে একটি সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতিপূর্বে দায়ের করা বিভিন্ন মামলার অভিযুক্ত হিসেবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার, সদরঘাট, আকবর শাহ ও ইপিজেড নামে নগরীতে আরও চারটি নতুন থানা উদ্বোধন করেন। নতুন চারটিসহ নগরীতে মোট থানার সংখ্যা দাঁড়ালো ১৬ টিতে। নগরীর মেট্রোপলিটন শুটিং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এবিএম আবুল কাশেম এমপি, নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, এমএ লতিফ এমপি, মাঈনুদ্দিন খান বাদল এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অ্যাডিশনাল আইজি একেএম শহীদুল হক ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বিকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।