মনোনয়নপত্র তুললেন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫৪
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহসপতিবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত মোট ৮জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী ও গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য বিগ্রেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের সদস্য ডা. নাজিম উদ্দিন আহমেদ। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান।
মেয়র প্রার্থীর সমর্থন নিয়ে বিএনপিতে দ্বিধা বিভক্তি
গাজীপুর সিটি কর্পোশেনের নির্বাচনে বিএনপি সম্ভাব্য মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। তবে আগামী দু’-একদিনের মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী নিয়ে সাবেক এমপি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার এবং সাবেক প্রতিমন্ত্রী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান পাল্টা-পাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উভয়ই দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে ভোটারদের মধ্যে যেমন বিভ্রান্তি তেমনি দলের নেতা-কর্মীরাও পড়েছেন বিপাকে। গত বুধবার সন্ধ্যায় অধ্যাপক এমএ মান্নান দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেকে দলীয় সমর্থিত প্রার্থী বলে দাবি করেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন। এর পাল্টা কর্মসূচী হিসাবে হাসান উদ্দিন সরকার শহরের দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনিও নিজেকে দলীয় সমর্থিত প্রার্থী দাবি করেন এবং দলের হাই কমান্ডের সবুজ সংকেত পেয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি কাউকে বিভ্রান্ত না হতে এবং গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান।