সরকারের একরোখা মনোভাবে সংলাপ হচ্ছে না :ফখরুল
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সরকারের একরোখা মনোভাবের কারণে সংলাপ হচ্ছে না। সরকারের শুভবুদ্ধির উদয় হলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যোগ করবে। না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সরকারের প্রথম অধিবেশনেই আলোচনার মাধ্যমে দেশ পরিচালনার কথা বলেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সহযোগিতা নেয়নি। দেশের বিদ্যমান সংকট নিরসনে সরকারকে বারবার সংলাপের কথা বলা হলেও গুরুত্ব দিচ্ছে না। তিনি আরো বলেন, আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবো। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করে নির্বাচন দিতে হবে। তবেই সব সমস্যার সমাধান হবে।
সংলাপের উদ্যোগ সরকারকেই
নিতে হবে :মওদুদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, সংলাপের ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে বিএনপি যোগ দিলেও সংলাপ নিয়ে কোনো কথা বলবে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ঠিক রেখে সরকার প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা। এক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে।