ইসির অনুরোধে গাজীপুর সফর বাতিল করলেন খালেদা ও এরশাদ

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে গাজীপুর সফর বাতিল করেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় তাদের এই সফর বাতিল করতে হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার টঙ্গীতে জনসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি। ওই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা বেগম খালেদা জিয়ার। অন্যদিকে ৪ জুন এরশাদের স্থানীয় একটি স্কুল পরিদর্শন কর্মসূচি ছিল। ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে, ২২ মে গাজীপুরের নবগঠিত সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সরকারের কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোন ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এই আইনের আলোকেই তারা দুইজনসহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরকেও গাজীপুর সফর বাতিল করতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ জুন এবং ৬ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।