অপ্রাপ্ত বয়স্ক কর্মী নিয়ে হেফাজতকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫৫
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ১৮ বছর বয়সের কম কোনো কর্মী নিয়ে হেফাজতে ইসলামকে আর ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, অতি ধর্মপ্রাণ একটি গোষ্ঠীর জন্য জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। আমি যদি পুলিশ বিভাগে থাকি তাহলে আর হেফাজতে ইসলামকে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। আমরা এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে দেব না। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীতে নতুন চারটি থানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর মেট্রোপলিটন শুটিং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার দেশে জঙ্গি তৈরি করেনি। জঙ্গি নির্মূল করেছে। এ সরকারের সময় দেশে কোনো জজ মিয়াও সৃষ্টি হয়নি। তিনি বলেন, চট্টগ্রামে একসময় বিভিন্ন বাহিনীর উত্পাত বেড়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব বাহিনীর তত্পরতা আর নেই। হেফাজতে ইসলামও এই চট্টগ্রাম থেকে সৃষ্ট। তাদের অরাজকতাও কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।