৪ জুন থেকে প্রার্থীরা জনতার মুখোমুখি
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫৬
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সপ্তাহব্যাপী জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন, রাজশাহী মহানগর ও জেলা কমিটি। এছাড়া সংগঠনটি রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামার তথ্য প্রকাশ উপলক্ষে আগামী ৪ জুন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ঐদিন সকাল সাড়ে ১০টায় নগরীর কাদিরগঞ্জ এলাকার সাফাওয়াং কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। একই দিন বিকাল ৩টায় সাফাওয়াং কমিউনিটি সেন্টার হলরুমে ‘জনতার মুখোমুখি মেয়র প্রার্থী’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সুজন।
সুজন, রাজশাহীর সমন্বয়কারী সুব্রত কুমার পাল জানান, আগামী ৫ জুন বিকাল ৩টায় মহিষবাথান কলোনী মাঠে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ৬ জুন সকাল ১০টায় লক্ষ্মীপুর গোল চত্ব্বরে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এবং একই দিন বিকাল ৩টায় ২নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ৭ জুন বিকাল ৩টায় মোন্নাফের মোড়ে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ৮ জুন বিকাল ৩টায় ইউসেফ মোমেনা বখশ স্কুল মাঠে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ৯ জুন বিকাল ৩টায় বিনোদপুর সাহেরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ১০ জুন সকাল ১০টায় নওদাপাড়া বাজারে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, একই দিন বিকাল ৩টায় ডাশমারী স্কুল প্রাঙ্গণে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, ১১ জুন সকাল ১০টায় উপ-শহর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মাঠে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে, একই দিন বিকাল ৩টায় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট এলাকার সচেতন ভোটারদের উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উন্নয়ন ভাবনার বিষয়ে প্রশ্ন করতে সুজনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।