মানহানির মামলায় কাদের সিদ্দিকীর জামিন

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘রাজাকার’ বলার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় জামিন না চাইলেও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীরোত্তম) জামিন দিয়েছে বিচারিক আদালত। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ জুন দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত সিএমএম মো. আলমগীর কবির রাজ এ আদেশ দেন। এ সময় কাদের সিদ্দিকী ও মামলার বাদী রুহুল আমিন আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি জামিন বা মামলা থেকে অব্যাহতির কোন আবেদন করেননি। গত ১৮ মার্চ কাদের সিদ্দিকী আদালতে হাজির হয়ে জামিন নিলে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলী করা হয়। গতকাল মামলায় আসামির উপস্থিতি ও অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিলো। কাদের সিদ্দিকী এদিন পূর্বের মতো নিজেই মামলার শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আমি যাকে রাজাকার বলেছি তিনি হলেন তত্কালীন ডিসি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি আমার নামে কোনো মামলা করেননি। যার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে তিনি ছাড়া অন্য কেউ মামলা করলে মানহানি মামলা চলে না।’