সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে

হরতালে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও সাম্প্রতিক সময়ের হরতালগুলোতে বল প্রয়োগ করা, অযাচিতভাবে শক্তি প্রয়োগ হচ্ছে। হরতালে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে। হরতাল আজ আতঙ্ক, অনিশ্চয়তা ও ভয়াবহতার এক সমার্থক শব্দে পরিণত হয়েছে। হরতালের যথেচ্ছ ব্যবহারে এর উপযোগিতা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। এ কারণে রাজনৈতিক দলগুলোর উচিত হরতালের বিকল্প কিছু বের করা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে মানবাধিকার কমিশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিজানুর রহমান এসব কথা বলেন। মিজানুর রহমান বলেন, যেকোনো ইস্যুতে হরতাল ডাকার কারণে হরতালের অন্তঃশক্তি বিনষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকারের চেয়ে দলীয় ও সংকীর্ণ স্বার্থে হরতাল ডাকা হচ্ছে। ঘন ঘন হরতালের কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আজ হুমকির মুখে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মিজানুর রহমান বলেন, সভা-সমাবেশ মৌলিক অধিকার। কিন্তু মৌলিক অধিকারের চেয়ে জীবন রক্ষার অধিকার অনেক বড়। সাম্প্রতিক সময়ে যে সহিংসতা দেখা দিয়েছিল সে প্রেক্ষিতে সভা-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা হতে পারে। জনগণের বৃহত্তর স্বার্থে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা যৌক্তিক।