আহত শ্রমিকদের উন্নত চিকিত্সা ও পুনর্বাসন দাবি
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫৮
গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের বিধ্বস্ত রানা প্লাজার সামনে আহত শ্রমিকদের উন্নত চিকিত্সা ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ এবং নিহতদের স্মরণে শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ করেছে সাভারের নয়টি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নিহতদের স্মরণে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা ও সাভার উপজেলার নেতৃবৃন্দ। সকাল ১০টায় রানা প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, নাগরিক কমিটি, সাস, খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, মুক্ত তারুণ্য, কবি জসীম উদ্দীন পরিষদের নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাভার বাজার বাসস্ট্যান্ডে শোক র্যালি বের করার পর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৃষিবিদ রফিকুল ইসলাম মোল্লা, শ্রমিক নেতা তুহিন চৌধুরী, রানা প্লাজার শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের সদস্য শাবানা, সিপিবির ঢাকা জেলা কমিটির সদস্য আজম খান বাবু, নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ শাকিক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা রানা প্লাজায় কর্মরত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, নিখোঁজ শ্রমিকদের তালিকা ও সন্ধান, রানা প্লাজার মালিক ও কারখানা মালিকদের সম্পত্তি বাজেয়াপ্তসহ উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।