বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন ঋতুপর্ণ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৩৮
ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি আমি দেখি তার নাম ‘দহন’। একজন রাগী তরুণের কাজ হিসেবে ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। আসলে বুদ্ধদেব দাশগুপ্ত-অপর্ণা সেন-গৌতম ঘোষের পরে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রে যে একটা শূণ্যতা ছিল ঋতুপর্ণ ঘোষ তা অনেকটাই পূরণ করতে পেরেছিলেন। একটা নিজস্ব ঘরানা তৈরি করতে পেরেছিলেন।
ঋতুপর্ণ ঘোষের কাজের একটা বড় বৈশিষ্ট্য আমার মনে হয়েছে তার সংবেদনশীলতা। খুবই সংবেদনশীল একজন শিল্পী ছিলেন। নারী মনস্তত্ব খুব ভালো বুঝতেন। ওঁর ‘চিত্রাঙ্গদা’ ছবিটি, যেটা পুরুষশাসিত সমাজে নারীর অধঃস্তনতার একটা প্রতীকী রূপ, তা বেশ ভালো তুলে ধরতে পেরেছিলেন। আর মেধাবী তো ছিলেনই। তার উনিশটি ছবির মধ্যে বারোটিই ভারতে জাতীয় পুরস্কার পেয়েছে। রবীন্দ্রনাথ তার কাজের একটা বড় উত্স ছিল ‘চোখের বালি’, ‘নৌকাডুবি’, ‘চিত্রাঙ্গদা’। এ ছাড়া রবীন্দ্রনাথের উপর ‘জীবনস্মৃতি’ নামে ঋতুপর্ণের একটা ভিন্নধর্মী প্রামাণ্যচিত্রও আছে যা এ দেশের মানুষ এখনও তেমন দেখেনি।
ঋতুপর্ণের ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি ছবির দৃশ্যগত দিকটির প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। যাঁরা ‘চোখের বালি’ বা ‘রেইনকোট’ দেখেছেন তারা সেটা বুঝবেন।
ঋতুপর্ণ ঘোষের লেখার হাতও ছিল চমত্কার। খুব ঝরঝরে বাংলা গদ্য লিখতে পারতেন। লেখায় একটা নিজস্ব স্টাইল ছিল তার। পত্রিকার সম্পাদনাও করেছেন।
বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন ঋতুপর্ণ। দিল্লি, গোয়া, কলকাতা এবং ঢাকাতেও বিভিন্ন সময়ে দেখা হয়েছে। বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আলাপ হয়েছে। আমার বেশ কয়েকটি কাজও ও দেখে নানান কৌতুহলী প্রশ্নও করেছে। ঋতুপর্ণের এই অকালপ্রয়াণে বাংলাভাষী চলচ্চিত্র খুবই ক্ষতিগ্রস্থ হোল। খবরটি প্রথম শুনে সত্যিই বিশ্বাস হয়নি। মনে হচ্ছিল এটি সাইবার গুজব। এত অল্প বয়সে প্রতিভার এত বড় এক শক্তির অকাল প্রস্থান মানা যায় না।