ইসরাইলি হামলার বিরুদ্ধে আসাদের কঠোর হুঁশিয়ারি

ইসরাইল যদি সিরিয়ায় আবারও হামলা চালায় তবে তার কঠিন জবাব দেয়া হবে বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার লেবাননভিত্তিক টিভি চ্যানেল আল-মানারকে দেয়া এক সাক্ষাত্কারে এই হুমকি দেন আসাদ। সাক্ষাত্কারে আসাদ মস্কোর কাছ থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানালেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তা এখনো স্বীকার করেনি। সম্প্রতি গোলান মালভূমিতে সিরিয়ার সীমানা এবং চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এর আগে চলতি বছরে বিমান হামলা চালিয়ে সিরিয়ার সামরিক গবেষণা কেন্দ্র ধ্বংস করে দেয় তারা। সিরীয় বাহিনীর বিভিন্ন সামরিক বহরকে লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলাও চালায় ইসরাইলি। এসব হামলার প্রতিক্রিয়ায় আসাদ বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই এরপর যদি ইসরাইলের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয় তবে এর কঠিন জবাব দেয়া হবে।’ গোলান মালভূমিতে ইসরাইলি বাহিনীর বিপক্ষে নতুন রেজিমেন্ট পাঠানোর বিষয়ে জনসমর্থন রয়েছে বলে জানান আসাদ। সিরিয়া ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে প্রতিশ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালানটি পেয়ে গেছে বলেও জানান আসাদ। গত সপ্তাহে রাশিয়া সিরিয়াকে বহিঃআক্রমণ ঠেকানোর জন্য সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দেয়ার প্রতিশ্রুতি দেয়। ইসরাইল এর জবাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। তারা এটিকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। আসাদের এই সাক্ষাত্কার এমন এক সময়ে এলো যখন সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুসাইরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েক দিন যাবত্ সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই এখনও অব্যাহত রয়েছে। শহরটিতে কমপক্ষে ছয়শ’ আহত মানুষ চিকিত্সাবিহীন অবস্থায় আটকা পড়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই শহরে পানীয় জলেরও অভাব দেখা দিয়েছে। এদিকে, রাশিয়া এখনো সিরিয়াকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠায়নি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় পাঠানো নিয়ে আসাদবিরোধী সিরিয়ার প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক উত্কণ্ঠা বিরাজ করছে। এসব ক্ষেপণাস্ত্র আসাদকে না দেয়ার জন্য মস্কোকে অনুরোধ জানিয়েছে ওই দেশগুলো। এস-৩০০ নামের রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে পশ্চিমাদের উদ্বেগের কারণ হলো, এই ক্ষেপণাস্ত্র আসাদের হাতে থাকলে সিরিয়ার আকাশে তারা ‘উড্ডয়ন নিষিদ্ধ’ এলাকা প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ ক্ষেপণাস্ত্রটির সাহায্যে সিরিয়ার আকাশসীমার অনেক উচ্চতায় থাকা শত্রু বিমানকেও ভূপাতিত করা যাবে। আর প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের কারণ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় থাকা বিমানকেও আঘাত করতে পারবে।