কাবুলে বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা ব্যর্থ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪২
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ধ্বংসাত্মক হামলা চালানোর পরিকল্পনা উদঘাটন করা হয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জড়ো করা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার আফগান গোয়ান্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে। আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ (এনডিএস) জানিয়েছে, বৃহস্পতিবার কাবুলের খায়ের খানা এলাকার একটি গ্যারেজে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালিয়েছে তাদের বাহিনী। অভিযানে পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের এক বিদ্রোহী জঙ্গি নিহত ও অপর ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানকালে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে বলে জানানো হয়েছে। গ্যারেজটিকে বিদ্রোহীরা তাদের লুকিয়ে থাকার স্থান হিসেবে ব্যবহার করতো। এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিএস।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ভারী মেশিনগান, একে-৪৭ রাইফেল ও গ্রেনেড রয়েছে। এছাড়া আত্মঘাতী হামলায় ব্যবহূত বিস্ফোরকভর্তি পাঁচটি বিশেষ পোশাক রয়েছে। সরকারি দপ্তরগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলার উদ্দেশ্যে এসব অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে বলে জানান এনডিএস’র কর্মকর্তারা। বিদ্রোহীদের ওই আস্তানা থেকে কয়েকটি পাকিস্তানি ফোন কার্ড পাওয়া গেছে। এতে হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে সন্দেহ করছেন এনডিএস’র কর্মকর্তারা।