মিয়ানমার সরকার ও কাচিন বিদ্রোহীদের যুদ্ধবিরতি
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪৩
মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের সাময়িক বিরতি করতে একমত হয়েছে সরকার। মধ্যস্থতাকারীদের সহায়তায় উভয়পক্ষের নেতারা তিন ধরনের বৈঠক করেছেন। একজন মধ্যস্থতাকারী বলেছেন, গত কয়েক দিনের আলোচনার ফলে গত দুই বছরের যুদ্ধের অবসানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মিয়ানমার পিস সেন্টারের পরিচালক মিন জ ও বৃহস্পতিবার এএফপিকে বলেছেন, হানাহানি বন্ধে কাচিন এবং মিয়ানমার সরকারের প্রতিনিধিরা সাতটি প্রস্তাব সম্বলিত একটি চুক্তিতে সই করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে সরকার এ চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়া যুদ্ধপরবর্তী সময়ে কাচিনের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থাও করবে সরকার। শান্তি আলোচনার জন্য কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কিআইএ) এবং প্রেসিডেন্ট থেইন সিয়েনের সরকার কাচিনের রাজধানী মাইতকাইনাতে তিন দিনের বৈঠক করল। এর আগের বারের শান্তি আলোচনার জন্য উভয় পক্ষ চীনের সীমান্তের কাছে বৈঠক করেছিল।
কাচিনের মূল দাবি ছিল রাজনৈতিকভাবে কাচিনের অধিকতর স্বায়ত্তশাসন। কাচিনের দাবির প্রেক্ষিতে সরকার তাদের সাথে রাজনৈতিক সংলাপে বসার ক্ষেত্রে একমত হয়েছে। এছাড়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে আলোচনার জন্য একমত হয়েছে উভয় পক্ষ। কাচিনের বিদ্রোহীদের সাথে ১৭ বছরের যুদ্ধবিরতির পর ২০১১ সালের জুনে নতুন করে যুদ্ধ শুরু হলে কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়। কাচিনের বিদ্রোহীদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধসহ দেশটির বিভিন্ন অঞ্চলে জাতিগত দাঙ্গার মূল কারণ হিসাবে রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করা হয়। গত কয়েক দশক ধরে রাজনৈতিক সরকারের বদলে মিয়ানমারে সামরিক শাসন ব্যবস্থা চালু রয়েছে।