সংবাদ কণিকা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪৫
কয়লায় দূষণ বাড়ছে
বিশ্ব বাজারে কয়লা সস্তা হওয়ায় এর ব্যবহার বেড়ে পরিবেশ দূষণ বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার ঝুঁকি বাড়ছে যুক্তরাজ্যে। দেশটির পরিবেশ বিষয়ক সংস্থার চেয়ারম্যান লর্ড স্মিথ এ সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে কয়লা থেকে উত্পাদিত বিদ্যুত্ সরবরাহ হচ্ছে ৪০ শতাংশ। এ প্রবণতা কমানো না গেলে যুক্তরাজ্য সরকার সালফার দূষণ হ্রাস করা এমনকি জলবায়ু পরিবর্তন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হবে বলে স্মিথ জানান। এ বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটি করার কথা রয়েছে। —রয়টার্স
গণ্ডার রক্ষায় সীমান্তে বেড়া
এক সময়ে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকের সীমান্তে প্রাণী সংরক্ষণ পার্ক করতে সরিয়ে নেয়া হয়েছিল বেস্টনী। কিন্তু মোজাম্বিকের শিকারিদের উত্পাত এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সীমান্তে কাঁটা তারের বেড়া দেয়ার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। নইলে তাদের গণ্ডার রক্ষা করা যাবে না! এ বছরের প্রথম পাঁচ মাসেই দক্ষিণ আফ্রিকার কমপক্ষে ৩৫০টি গণ্ডারের প্রাণ গিয়েছে অর্থলোভী কিছু মানুষের হাতে। ধারণা করা হয় শিকারিদের প্রায় সবাই-ই মোজাম্বিকের। —এএফপি
মাথার ভিতরে প্রেন্সিল
১৫ বছর ধরে মাথার অভ্যন্তরে পেন্সিল নিয়েই চলছিল সবকিছু। কিন্তু এর প্রতিক্রিয়ায় শারীরিক নানা সমস্যা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল তখনই চিকিত্সকরা আবিষ্কার করলেন, রোগীর মাথার অভ্যন্তরে রয়েছে আড়াই ইঞ্চিরও বেশি একটি পেন্সিল। আফগান অধিবাসী ঐ ব্যক্তির মাথায় অস্ত্রোপচারকারী জার্মান চিকিত্সকরা এই তথ্য জানিয়েছেন। সিটি স্ক্যানের মাধ্যমে ২৪ বছর বয়সী ঐ ব্যক্তির মাথার অভ্যন্তরে পেন্সিলের উপস্থিতি ধরা পড়ে বলে চিকিত্সকদের এক খবরে বলা হয়েছে। —এনডিটিভি
উদ্ধার কাজে ড্রোন
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেটের মুর অঞ্চলে টর্নেডো আঘাত হানার পর উদ্ধার কাজে সাহায্য করার প্রযুক্তি ছিল ড্রোনে। এ বিমান সামরিক ব্যবহারের জন্য তৈরি করা হলেও প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার কাজে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্মাতারা। এটি জীবিত মানুষ চিহ্নিত করতে সক্ষম। ড্রোনে রয়েছে আরও বেশ কিছু প্রযুক্তি। অন্ধকারেও বিমানটি ‘নাইট-ভিশন’ প্রযুক্তির সাহায্যে মাটিতে থাকা মানুষ চিহ্নিত করতে পারবে। এতে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা। এর ফলে মানুষের শরীরের তাপমাত্রা থেকে অবস্থান চিহ্নিত করেও এটি উদ্ধার কাজ চালাতে পারবে। ড্রোনটি দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রায় প্রস্তুত বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। —সিএনএন