ঝুঁকিপূর্ণ বালাপুর জমিদার বাড়ির ২৬ পরিবারকে সরিয়ে নেয়ার উদ্যোগ

ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির কথা বিবেচনা করে নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামের ঝুঁকিপূর্ণ জমিদার বাড়িতে অবৈধভাবে বসবাসরত ২৬টি পরিবারকে সরকারি সাহায্যে অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৭ জুন উল্লেখিত বাড়িতে বসবাসরত ২৬টি পরিবার জমিদার বাড়ির আশ-পাশের জমিতে বসবাস করার লক্ষ্যে তাদেরকে অস্থায়ী ভিত্তিতে স্থান দিয়েছেন জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বালাপুর জমিদার বাড়ি প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, পাইকারচর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম ভুঁইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক দীপ্তি রানী দাস, নিখিল চন্দ্র চক্রবর্তী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ। ৮ জুন এ বাড়িটি সীলগালা করে দেয়া হবে। কাজেই ৭ জুনের মধ্যে অবৈধ বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বাড়িটি ছেড়ে যেতে হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার জমিদার বাড়ির আঙ্গিনায় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও ঘর তৈরির জন্য দেড় বান্ডিল করে টিন প্রদান করা হয়েছে।