আখের বিকল্প সুগার বিট চাষে সাফল্য
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৬
আখের বিকল্প হিসাবে সুগার বিট থেকে চিনি উত্পাদনের লক্ষ্যে দেশে ব্যাপক গবেষণা শুরু হয়েছে। ঠাকুরগাঁও ইক্ষু গবেষণা কেন্দ্র ও চিনিকলে বাণিজ্যিক খামারে পরীক্ষামূলকভাবে ২ বিঘা জমিতে সুগার বিট চাষ করা হয়েছে। পরীক্ষামূলক এ চাষে খুবই ভাল ফলন হয়েছে। ঠাকুরগাঁও চিনিকল ছাড়াও ১১টি চিনিকল এলাকায় ও দেশের গুরুত্বপূর্ণ ৫টি জোনে সুগার বিটের পরীক্ষামূলক চাষ হচ্ছে। সুগারবিট হতে চিনি উত্পাদনের সম্ভাব্যতা যাচাইয়ে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ‘বাংলাদেশে সুগার বিট চাষাবাদ প্রযুক্তি উন্নয়নের জন্য ২০১১-২০১২ মৌসুম থেকে পাইলট প্রকল্প শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত করছে। সুগার বিট আখের তুলনায় স্বল্প মেয়াদী (৫ থেকে ৬ মাসের) ফসল। হেক্টর প্রতি গড় ফলন ৭০-৮০ টন। সুগার বিটে বিদ্যমান চিনির হার ১৪ থেকে ১৮ শতাংশ। সুগারবিট শীত প্রধান অঞ্চলের ফসল হলেও ইক্ষু গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উদ্ভাবিত জাত দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক চাষ করছে। আশা করা হচ্ছে ২০১৪ সালে মেয়াদ শেষে বাংলাদেশে ট্রপিক্যাল সুগার বিট উত্পাদনের প্রযুক্তি প্যাকেজ প্রণয়নের কাজটি সফলভাবে সম্পন্ন হবে। এরপরই বাণিজ্যিকভাবে এ ফসলটি চাষিরা উত্পাদন করতে পারবে। স্বল্প মেয়াদি, গড় ফলন ও আখের তুলনায় বিদ্যমান চিনির পরিমাণ বেশী থাকায় সুগার বিট চাষে চাষীরা আখের চেয়ে বেশি লাভবান হবে। একই ভাবে চিনিকলগুলোতে শুধু একটি নতুন ইউনিট সংযোজনের মাধ্যমে আখ মাড়াই শেষ হলে, এপ্রিল-মে মাসে সুগারবিট থেকে চিনি উত্পাদন করা সম্ভব হবে।