ঝিনাইদহে জামায়াত-শিবির
মামলা ও গ্রেফতার আতঙ্কে
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৯
মামলা আর গ্রেপ্তার আতংকে ঝিনাইদহে জামায়াত শিবির মাথা তুলতে পারছে না। গণ-গ্রেপ্তার এড়াতে জামায়াত শিবিরের নেতারা গাঢাকা দিয়েছে। কদাচিত্ দু’-একটি ঝটিকা মিছিল ছাড়া পুলিশী অভিযানে মাঠে দাঁড়াতে পারছে না জামায়াত শিবির।
জামায়াতের জেলা আমীর ড. মোজাম্মিল হক, সেক্রেটারী নুর মোহাম্মদ, জামায়াত নেতা সগির আহম্মেদ, আলাউদ্দীন, অধ্যাপক মতিয়ার রহমানসহ কয়েক হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ঝিনাইদহে জেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কাসেম, মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা সাদেকুর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী ও ৪ মহিলা কর্মীসহ প্রায় আড়াইশ’ নেতা-কর্মী পুলিশ হত্যা, ভাংচুর, পুলিশের উপর হামলা চালিয়ে আহত করা, সরকারি কাজে বাধাদান, রাস্তার গাছ কেটে সড়ক অবরোধ ও মারামারি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, এ থানাতে এ পর্যন্ত জামায়াত শিবিরের বিরুদ্ধে ৭টি মামলা হয়েছে। এ সব মামলায় ৬ হাজারের বেশি আসামি করা হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, ২৮ ফেব্রুয়ারি তাণ্ডব চালানো, পুলিশের উপর হামলা চালিয়ে ১৫জন পুলিশ আহত করা ও অস্ত্র লুট মামলায় দেড় শতাধিক জামায়াত শিবির নেতা-কর্মীর নাম উল্লেখ করে প্রায় ৬ হাজার অজ্ঞাতসংখ্যকের নামে মামলা করে পুলিশ। হরিণাকুণ্ড থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ৩ মার্চ উপজেলা পরিষদে আগুন দেয়া, তাণ্ডব চালানো, এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও ১৫ পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ২শ’ ২০ জন এজাহার নামীয় আসামি ছাড়াও এ মামলায় আসামি প্রায় ৬ হাজার জামায়াত শিবিরকর্মী। কালীগঞ্জ থানাতে একটি মামলায় প্রায় ৩শ’ জামায়াত শিবিরকর্মীকে আসামি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানাতে ৮টি মামলায় জামায়াত শিবিরের হাজারখানেক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলার আসামি ধরতে পুলিশ প্রতিদিন অভিযান চালাচ্ছে।