আঁধার ঘরে চাঁদের আলো
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৯
কৃষি শ্রমিকের কাজ করে জিপিএ-৫ পেয়েছে অষ্টগ্রামের বায়েজিদ। ভাল ফলাফল করেও স্বপ্ন ভঙ্গের শঙ্কায় চাটমোহরের মনিরুজ্জামান। পড়ার খরচ জোগাতে সৈয়দপুরের আতাউর করে দিনমজুরি। চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র ও মেধাবী মুখ শিরিন এবং আমিনার স্বপ্ন ও প্রতিভার কি মৃত্যু হবে। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।
কিশোরগঞ্জ
কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালানোর পাশাপাশি এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে অষ্টগ্রামের বায়েজিদ। উপজেলার দেওঘর হক সাহেব উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। বাবা দেওঘর গ্রামের ৮০ বছরের বৃদ্ধ জরু মিয়া বয়সের কারণে অক্ষম হয়ে পড়ায় দুই ভাই-বোনের মধ্যে ছোট বায়েজিদকেই অল্প বয়সে সংসারের হাল ধরতে হয়েছে। কৃষিশ্রমিক হিসেবে সংসার চালানোর পাশাপাশি সে লেখাপড়াটাও ধরে রেখেছে । ভালো ফলাফল করলেও অর্থাভাবে উচ্চ শিক্ষা নিয়ে এখন উদ্বিগ্ন বায়েজিদ ও তার পরিবার।
চাটমোহর (পাবনা)
উপজেলার বেজপাড়া গ্রামের দিনমজুর ইসলাম আলীর এক ছেলে এক মেয়ে নিয়ে অভাবের সংসার। শত অভাবেও সংসার আগলে রেখেছেন তার স্ত্রী মলিনা খাতুন। এই অভাবকে জয় করে জিপিএ-৫ পেয়ে মনিরুজ্জামান দিনমজুর বাবার মুখ উজ্জল করেছে। অদম্য মেধাবী মনিরুজ্জামান স্বপ্ন দেখছে ডাক্তার হবার। কিন্তু অভাবের কারণে স্বপ্ন ভঙ্গের শঙ্কায় মনিরুজ্জামান।
সৈয়দপুর (নীলফামারী)
বাবা আব্দুল লতিফ দিনমজুরের কাজ করেন মানুষের বাড়িতে। শত বাধা ও দারিদ্র্যতার সাথে লড়াই করে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে আতাউর রহমান। প্রতিবেশীরা জানান, আব্দুল লতিফের দুই ছেলে ও তিন মেয়ে কমবেশী সবাই মেধাবী। তবে তার ছোট ছেলে আতাউর আরো মেধাবী । কিন্তু অভাবের সংসারে একসময় তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। তাই ছোট বয়স থেকেই সে কখনো ইটভাটায় আবার কখনো দিনমজুরি করে নিজের লেখাপড়ার খরচ চালায়। এমনকি যেদিন ফলাফল প্রকাশিত হয় সেদিনও আতাউর অন্যের জমিতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজে ব্যস্ত ছিল। মা-বাবা জানান, ভাল রেজাল্ট করে ছেলের বায়না ইঞ্জিনিয়ারিং পড়বে। কিন্তু দিনমজুর বাবার ইটভাটা শ্রমিক ছেলে আতাউরের স্বপ্ন কি বাস্তবায়ন হবে।
চাঁপাইনবাবগঞ্জ
দারিদ্র্য দমাতে পারেনি শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের দরিদ্র পিতা ময়েজ উদ্দিন ও গৃহিণী মাতা গিনিয়ারা বেগমের কন্যা শিরিন খাতুনকে। সে এবার রানীহাটি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। শিরিন ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কিন্তু তার সেই স্বপ্ন কি পূরণ হবে ? তার দরিদ্র পিতা কি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এদিকে গোমস্তাপুরের মেধাবী ছাত্রী আমিনার বাবা সান্টু আলী ক্যান্সারে মারা গেছেন দেড় বছর আগে। মা হামেদা বেগম কাজ করেন পরের বাড়িতে। সংসারে আয়-রোজগারের এটুকুই অবলম্বন। দাদার একচিলতে জমিতে শীর্ণ দুটো ঘর। চার বোন এক ভাইয়ের মধ্যে এক বোন বাক প্রতিবন্ধী। দু’বেলা ঠিকমত খাবারই জোটে না। বিদ্যুতের আলোর স্বাদ এরা পায়নি কখনো। তাই পড়ার জন্য দিনের আলোকে কাজে লাগিয়ে চরম দারিদ্র্যতাকে হার মানিয়ে সবাইকে চমকে দিয়ে আলিনগর বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ পেয়েছে সে। আমিনা ডাক্তার হতে চায়। কিন্তু আমিনার চোখে-মুখে হতাশার ছাপ। এত ভাল ফল করেও কী আমিনার স্বপ্ন ও প্রতিভার মৃত্যু হবে? কেউ কী আমিনার স্বপ্ন ও প্রতিভা লালনে এগিয়ে আসবেন না।