তিস্তার গ্রাসে সর্বস্ব হারানো কাজেলা বাঁচার স্বপ্ন দেখেন
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:০০
কাজেলার (৭০) দিন কাটে অর্ধাহারে-অনাহারে। কঙ্কালসার দেহ নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি আজও।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া গ্রাম। তিস্তার ডানতীর বাঁধে একটি টিনের চালায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন কাজেলা। তিস্তার কড়াল গ্রাসে সর্বস্বান্ত কাজেলা এখন অসহায়। কাজেলার সংসারে শুধু রয়েছে স্ত্রী আহিলা বেগম। কাজেলা পেশায় ছিলেন বাদ্যকর ও বাংরি। কাজেলার পাশাপাশি স্ত্রী আহিলাও অসুস্থ। মাঝে মাঝে অন্যের বাড়িতে কাজ করেন। অভাব-অনটনের সংসার। ক্ষুধায় ক্ষুধায় কঙ্কালসার হয়েছেন কাজেলা। যেন জীবনযুদ্ধে পরাজিত সৈনিক। এখনো হাঁটতে পারেন। স্থানীয় লোকজন বলছেন, তার অনেক কষ্ট। খেয়ে না খেয়ে পড়ে থাকেন। স্ত্রী মাঝে মাঝে মানুষের বাড়িতে কাজ করেন। নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটু বলেন, কাজেলার সংসারে অভাবের শেষ নেই। খুব কষ্টে বেেঁচ আছেন কাজেলা।